ভাগনেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে চাচাকে হয়রানি করতে গিয়ে চাচাতো বোনের ছেলে ভাগনেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছেন এক মামা।

এদিকে অপহরণের ১২ ঘণ্টা পর গত সোমবার রাত সাড়ে ১১টায় পটিয়া থানার এসআই কামাল উদ্দিনের নেতৃত্বে নগরের পশ্চিম মাদারবাড়ী থেকে অপহূত শিশু হূদয় চৌধুরী (১০) উদ্ধার এবং দুই অপহরণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেলিশহর গ্রামের রণজিৎ দের ছেলে কার্তিক দে (২৯) ও পশ্চিম পটিয়ার আবদুল আজিজের ছেলে নিজাম উদ্দিন (২৬)। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল ১০টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর গ্রামে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হূদয় নানার বাড়িতে থেকে কেলিশহর অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করে। গত সোমবার সকালে হূদয়সহ দুই বন্ধু মিলে বিদ্যালয়ের মাঠে খেলছিল। এ সময় হূদয়কে তার মামা কার্তিক দে টাকা দিয়ে একটি দোকানে মুড়ি আনতে পাঠায়। তার সহপাঠী এক বন্ধুসহ মুড়ি কেনে ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুজন অজ্ঞাতনামা যুবক একটি মোটরসাইকেলে চড়ানোর কথা বলে তাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনাটি হূদয়ের সহপাঠী তার নানার বাড়িতে জানালে নানাবাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। ইতিমধ্যে অপহরণকারীরা তাঁদের বাড়ির এক ছেলেকে মুঠোফোন থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে হূদয়কে না পাওয়ায় হূদয়ের বাবা সন্তোষ চৌধুরী বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় তাঁর চাচাতো শ্যালক কার্তিক দেসহ দুজনকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, পুলিশ তাদের মুঠোফোনের সূত্র ধরে কৌশলে পটিয়া সদর থেকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তি মতে, নগরের পশ্চিম মাদারবাড়ীর গ্রেপ্তার নিজাম উদ্দিনের দোকান থেকে অপহূত শিশুটিকেও উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে।
হূদয়ের বাবা হাইদগাঁও গ্রামের সন্তোষ দে জানান, তাঁর শ্বশুর মিলন দের সঙ্গে আপন ভাই রণজিত দের পরিবারের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় সময় ঝগড়ার সময় কার্তিক দে তাঁদের উচিত শিক্ষা দেবেন বলে হুমকি দিতেন।