ভাগনেকে দেখতে গিয়ে খালাও পরপারে
সড়ক দুর্ঘটনায় নিহত ভাগনেকে শেষ দেখা দেখতে চরফ্যাশনে এসে নিজেই বাসচাপায় প্রাণ হারালেন ভোলার লালমোহনের জুলেখা বেগম (৫৬)। এ ঘটনায় উত্তেজিত জনতা হামলা চালিয়ে ১৫টি বাস ভাঙচুর করে। চরফ্যাশনে গত সোমবার রাতে এ ঘটনায় ইউএনও, পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। এর জের ধরে ভোলার নয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী বাস গত সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে এলোমেলো গতিতে উপজেলার দক্ষিণ আইচা থেকে আসছিল। পথে বাসটি একটি ট্রাক ও দুই পথচারীকে ধাক্কা দেয়। এরপর সন্ধ্যায় এটি শহরের বাসস্ট্যান্ডে ঢুকে কাউন্টারের কাছে দাঁড়ানো জুলেখা বেগমকে (৫৫) ধাক্কা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় চরফ্যাশনবাসী উত্তেজিত হয়ে বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে ১৫টি বাস ভাঙচুর করে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে। এ সময় জনতার ইট-পাটকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম, পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, সিপাই আশ্রাফসহ ১৫ জন আহত হন। এরপর থেকে ভোলার নয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। নিহত গৃহবধূর স্বামী জয়নাল আবেদীন জানান, তাঁরা লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্যারিমোহন গ্রামের বাসিন্দা। গত রোববার চরফ্যাশনের আঞ্জুরহাট চরকিশোরী এলাকায় বাসচাপায় মো. জাহাঙ্গীর (৩৫) নিহত হন। তাঁকে একনজর দেখতে ছুটে আসেন খালা জুলেখা বিবি। বাড়ি ফেরার পথে তিনি নিজেই বাসের চাপায় প্রাণ হারালেন। ভোলা বাস মালিক সমিতির সহসভাপতি রুহুল আমিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মল্লিক বলেন, পরিস্থিতি শান্ত করতে গিয়ে আমাদের অনেকে আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোনো পক্ষই মামলা করেনি। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম বলেন, বাস চলাচল শুরু করার চেষ্টা চালানো হচ্ছে।