ভাগনের চোখে মামার ওকালতি

আইন বিষয়ে লেখাপড়া শেষ করে শুরু করেন আইন ব্যবসা। শুরুর দুই বছরের মাথায় নষ্ট হয়ে যায় দুই চোখ। ২২ বছর ধরে তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। তবে দমে যাননি। আইনজীবী হিসেবে আদালতে যুক্তি-তর্ক চালিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই ব্যক্তির নাম বেলাল হোসেন। ঢাকা আইনজীবী সমিতির এ সদস্য নিয়মিত মামলা পরিচালনা করছেন। এ ক্ষেত্রে চোখের আলো হয়ে সাহায্য করছে ১৫ বছর বয়সী তাঁর ভাগনে ওমর ফারুক। এ ঘটনায় আরও একবার প্রমাণিত হলো ‘মামা-ভাগনে যেখানে, আপদ নেই সেখানে’।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান মানিক প্রথম আলোকে বলেন, আইনজীবী বেলাল হোসেনকে অনেক আগে থেকে চিনি। চোখে দেখতে না পেলেও তিনি বহু বছর ধরে মানুষকে আইনি সেবা দিয়ে যাচ্ছেন। আইনি সহায়তা দিতে পারছেন বলেই বেলাল হোসেনের কাছে মক্কেলরা আসেন। তাঁর মামলা আছে। মামলা পরিচালনা করে জীবিকা নির্বাহ করছেন।
সাইদুর রহমান আরও বলেন, মামলা আসার পর কাগজপত্র তাঁকে কেউ একজন পড়ে শোনায়। পরে আদালতে তাঁর বক্তব্য তুলে ধরেন।
বেলাল হোসেন পুরান ঢাকার আঁটিবাজার এলাকায় থাকেন। প্রতিদিন তাঁকে আদালতে আনা-নেওয়া করে তাঁর ভাগনে ওমর ফারুক। ফারুক পুরান ঢাকার একটি স্কুলে লেখাপড়া করছে। ভাগনের সহযোগিতায় বেলাল হোসেন আইনজীবী হিসেবে নিয়মিত আদালতে মামলায় লড়ে যাচ্ছেন।
আইনজীবী বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, এখন তাঁর হাতে ১০০ মামলা আছে। সবাই তাঁকে ‘অন্ধ উকিল’ নামে ডাকে কিংবা চেনে। বেলাল হোসেনের ভাষ্য, ‘জন্ম থেকে আমি অন্ধ ছিলাম না। মানুষ নামের দুই পায়ের জন্তু আমার চোখের আলো কেড়ে নিয়েছে। ২২ বছর আগে গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে গিয়েছিলাম বেড়াতে। মুক্তিযুদ্ধের সময় কয়েকজন রাজাকার আমাদের হাতে নিহত হয়। সেই রাজাকারদের বংশধরেরা আমার দুই চোখ নষ্ট করে দেয়।’ বেলাল জানান, এ ঘটনায় হওয়া মামলায় তিনজনের সাজা হয়।

বেলাল হোসেন বলেন, তাঁর ভাগনে ফারুক মামলার কাজে তাঁকে সহায়তা করে। মক্কেলেরা প্রথমে ফারুকের সঙ্গে কথা বলেন। ফারুক তাঁকে মামলার কাগজপত্র পড়েও শোনায়। তারপর তিনি মক্কেলদের কথা শোনেন।
অন্ধ হওয়ার কারণে খুব বেশি মামলা তিনি পান না। তাঁর মক্কেলেরা অধিকাংশ গরিব। বেলাল বলেন, মামলার হাজিরা থাকলে মক্কেলেরা ২০০ টাকা দিয়ে চলে যান। মুক্তিযোদ্ধা ভাতা বাবদ প্রতি মাসে আট হাজার টাকা পান। আর ওকালতি থেকে আসে বড় জোর ১০ থেকে ২০ হাজার টাকা। এ টাকা দিয়েই কষ্ট করে সংসার চালান তিনি।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সরেজমিন দেখা যায়, আদালতেও সুন্দরভাবে মক্কেলের পক্ষে যুক্তি তুলে ধরেন দৃষ্টিপ্রতিবন্ধী বেলাল।
আইনজীবী বেলাল হোসেন বলেন, তাঁর কোনো কষ্ট নেই। মানুষকে আইনি সহায়তা দিতে পারছেন এতেই তাঁর আনন্দ। নিয়মিতভাবে প্রতিবন্ধীদের আইনি সহায়তা দিচ্ছেন। তাঁর স্বপ্ন, প্রতিবন্ধীদের উন্নয়নে তিনি কাজ করতে চান।