ভাগাভাগি নিয়ে বিএনপি ও এলডিপির বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ভাগাভাগি নিয়ে বিএনপি ও এলডিপির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি এলডিপিকে চারটি ইউপিতে ছাড় দিতে চায়। অন্যদিকে এলডিপি বিএনপিকে সাতটি ইউপিতে ছাড় দিতে চায়। উদ্ভূত পরিস্থিতিতে উভয় পক্ষই সব ইউপিতে চেয়ারম্যান পদে আলাদা প্রার্থী দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ মে এই উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এলডিপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সাংসদ রেদোয়ান আহমেদ গত শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ‘চান্দিনার ১৩টি ইউপিতে বিএনপি ও এলডিপি মিলে একক চেয়ারম্যান প্রার্থী দেওয়ার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে অনুরোধ করেছেন। মহাসচিবের ওই বার্তা কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমের কাছে পাঠানো হয়। গত কয়েক দিনে তিন দফা সময় দিয়েও তিনি এলডিপির সঙ্গে বৈঠকে বসেননি। উল্টো লোক মারফত আমাদের চারটি ইউপিতে প্রার্থী দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু চান্দিনার প্রতিটি ইউনিয়নে আমার ও এলডিপির বিপুল জনসমর্থন রয়েছে। এ অবস্থায় উভয় পক্ষই ১৩টি ইউনিয়নে আলাদা মনোনয়নপত্র জমা দেবে। মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মধ্যে বিএনপি ছাড় না দিলে আমরা সব জায়গাতেই প্রার্থী রাখব।’

অভিযোগ প্রসঙ্গে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, ‘১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী দিয়েছে। চান্দিনায় কারও সঙ্গে বসার সুযোগ নেই। যদি বিএনপির মহাসচিব বলে থাকেন, তাহলে উনিই আমাদের ডাকবেন। আমরা ওনার সঙ্গেই বসতে চাই। এখানে বসে ভাগাভাগির কোনো প্রশ্নই আসে না।’

চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, তৃণমূল থেকে ১৩টি ইউপিতে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলের জন্য নিবেদিতপ্রাণ ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জিতবে। এ ক্ষেত্রে কারও সঙ্গে প্রার্থিতা ভাগাভাগি করার সুযোগ নেই।

এদিকে ১ এপ্রিল বিকেলে চান্দিনা মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রার্থী বাছাই সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আইউব আলীর সভাপতিত্বে ওই সভা হয়। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার মো. আলী আশরাফ। সভায় ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণ করা হয়।