
মাথার ওপর কা কা শব্দ। আকাশে উড়ছে একঝাঁক কাক। পাশেই আবর্জনার ‘পাহাড়’। দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। হাটের ভেতর পানি জমে আছে। কাদামাটিতে চলাচল করা দায়। এমন পরিবেশের মধ্যে চলছে রাজশাহী জেলার পশুর সবচেয়ে বড় হাট—সিটি হাট।
ঈদুল আজহা সামনে রেখে জমে উঠতে শুরু করেছে হাটটি। কিন্তু সিটি করপোরেশনের অব্যবস্থাপনা, কাদা, পানি আর আবর্জনায় যেন ভাগাড়ে পরিণত হয়েছে সিটি হাট। সেখানে দুর্গন্ধে টিকতে পারছেন না ক্রেতা-বিক্রেতারা।
সপ্তাহের প্রতি রবি ও বুধবার এই হাট বসে। তবে ঈদের কয়েক দিন আগে প্রতিদিনই বসবে এ হাট। রাজশাহী জেলায় কোরবানির পশু কেনার প্রধান জায়গা এটি। কিন্তু নগরের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা বর্জ্য হাটের পাশে ফেলছে সিটি করপোরেশন। বর্জ্য আর বৃষ্টির পানি জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।
১৬ আগস্ট দুপুরে হাটে গিয়ে দেখা যায়, হাটের মূল জায়গার আগেই রাস্তার দুপাশে গরু নিয়ে দাঁড়িয়ে আছেন বিক্রেতারা। এগিয়ে যেতেই দেখা গেল, বৃষ্টির পানি জমেছে রাস্তায়। হাটের ভেতরের মাটির রাস্তাগুলো কাদাপানিতে একাকার। এর মধ্যেই চলাচল করছেন ক্রেতা-বিক্রেতারা। চলাচলের সুবিধার জন্য অনেকে পরেছেন প্লাস্টিকের লম্বা জুতা। আবর্জনা জমতে জমতে হাটের পূর্ব দিকের পুরো জায়গাটি বিশাল স্তূপে রূপ নিয়েছে। সেখানকার দূষিত পানি এসে মিশছে হাটের কাদাপানিতে। ভাগাড়ে খাবার খুঁজে ফেরা কাকগুলো উড়ছে হাটের ওপর। কখনো কখনো পাখিগুলো আবর্জনা মুখে করে নিয়ে ফেলছে হাটের ভেতর।
হাট ঘুরে খোঁজ নিয়ে জানা যায়, কোরবানির জন্য গরু কেনা এখনো শুরু করেননি ক্রেতারা। এখন মূলত ভারত থেকে আসা গরু কিনে নিয়ে যাচ্ছেন পাইকারেরা। এই গরু রাজধানীসহ দেশের বিভিন্ন হাটে উঠবে।
গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী থেকে ভারতীয় গরু নিয়ে এসেছেন আবদুল মতিন। তিনি বলেন, ‘১২ আগস্ট ১৭টা গরু নিয়ে এসেছি। একটা মাত্র বিক্রি করতে পেরেছি। অন্য বছর হলে এসব গরু নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যেত। এবার ক্রেতারা আসছেন না।’
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আসা আরেক গরু বিক্রেতা সাইফুল বলেন, কাদাপানিতে হাটের যে অবস্থা! হাঁটাচলা করা যায় না। হাটের দুর্গন্ধে এখানকার হোটেলগুলোতেও খাওয়া যায় না।
সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান বলেন, হাট ইজারা থেকে পাওয়া অর্থের একটি অংশ হাটের উন্নয়নকাজের জন্য ব্যয় করার কথা। কিন্তু বারবার তাগাদা দেওয়ার পরও সিটি করপোরেশন হাটের পরিবেশ উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু করপোরেশনের ফেলা ময়লায় হাট বেহাল। বৃষ্টির পানি জমে বিড়ম্বনা বেড়েছে। বর্জ্যে পুরো হাট দূষিত হয়ে গেছে। এমনকি সিরিঞ্জ, কাচের মতো ধারালো বর্জ্যে পা কেটে যাচ্ছে। হাটের পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। তারপরও সার্বিক নিরাপত্তার কারণে মানুষ এই হাটে আসে। বৃষ্টি বেশি হলে হাটের ভেতর চলাচল করা যায় না।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, জায়গাটি আগে থেকেই সিটি করপোরেশনের ভাগাড় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্ষা মৌসুমে পরিবেশ একটু খারাপ হয়। সমস্যা সমাধানের চেষ্টা সিটি করপোরেশনের আছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ‘ইজারার যে অর্থ ব্যয়ের কথা বলা হচ্ছে, তা পরিমাণে খুবই অল্প। আমরা প্রতিবছরই কিছু না কিছু উন্নয়ন করি। রাস্তাঘাট করার জন্য আরও অনেক টাকার প্রয়োজন। সিটি হাটের রাস্তাগুলো উন্নয়নের পরিকল্পনা আছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।’