ভাগ্যবিড়ম্বিত বাংলাদেশির সমর্থনে প্রবাসীরা
স্বপ্নের দেশে অন্তহীন দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে একটি প্রবাসী বাংলাদেশি পরিবার। অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে প্রায় এক বছর ধরে ডিটেনশন কেন্দ্রে আটক রয়েছেন অসুস্থ গৃহকর্তা হুমায়ুন কবীর চৌধুরী। মানবিক কারণে তাঁর মুক্তি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করেছেন তাঁর স্ত্রী ও একমাত্র ছেলে।যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১২ বছর বয়সের মাহিনের আর্তি, ‘আমার বাবাকে ফিরিয়ে আনো।’ মাহিন এবং তার মা দিলরুবা চৌধুরীর আবেদনে ব্যাপক সাড়া পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। আটক হুমায়ুনকে মুক্ত করার জন্য জনমত সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।সিলেট শহরের হাওয়াপাড়ার বাসিন্দা হুমায়ুন কবীর দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে থাকলেও বৈধ হতে পারেননি। ১৯৯২ সালে এসেই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন। কিন্তু ২০০৩ সালে তাঁর আবেদন প্রত্যাখ্যাত হয়। পরে তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ত্যাগের আদেশও জারি হয়।হুমায়ুন ১৯৯৫ সালে বিয়ে করেন নিউইয়র্কের বাসিন্দা দিলরুবা চৌধুরীকে। হুমায়ুন-দিলরুবা দম্পতি কঠোর পরিশ্রম করে সরকারকে কর দেওয়াসহ অন্য সব নিয়মকানুন মেনে স্থায়ী স্বপ্নের নীড় গড়ার চেষ্টা করছিলেন। এ অবস্থায় ২০১১ সালের জুন মাসে অভিবাসন কর্মকর্তারা বাসায় অভিযান চালিয়ে হুমায়ুন কবীরকে ধরে নিয়ে যান। তিনি এখন আছেন লুইজিয়ানা অঙ্গরাজ্যের এক ডিটেনশন কেন্দ্রে। হুমায়ুনের ছেলে মাহিন জনপ্রতিনিধিসহ সব মহলের প্রতি দেওয়া এক খোলা চিঠিতে বলেছে, ‘আমার জন্ম আমেরিকায়, বাবাকে যেন আমার কাছ থেকে বিচ্ছিন্ন করা না হয়।’ গত সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সহানুভূতিশীল লোকজন সমাবেশ এবং সংবাদ সম্মেলন করেছেন। এতে দিলরুবা চৌধুরী বলেন, ‘মানবিক কারণে আমার স্বামী এবং আমার সন্তানের বাবার মুক্তি চাই।’ সমাবেশে শিশু মাহিনের দুজন মার্কিন শিক্ষক ছাড়াও সাংবাদিক, আইনজীবীসহ বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি বক্তব্য দেন। অভিবাসন আইনজীবীরা জানান, হুমায়ুন কবীরকে মুক্ত করার জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রবাসীরা জনপ্রতিনিধিদের এ ব্যাপারে অনুরোধ করারও উদ্যোগ নিয়েছেন।