শ্রীলঙ্কার জলসীমা থেকে উদ্ধার করা বাংলাদেশ ও মিয়ানমারের ১২১ জনকে গতকাল সোমবার বাত্তিকালোয়া শহরের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্য ১৬ জনকে ভর্তি করা হয়েছে সে দেশের পূর্ব উপকূলের পোতাশ্রয় ওলুউইলের একটি হাসপাতালে।শ্রীলঙ্কার নৌবাহিনী গত রোববার সে দেশের পূর্ব উপকূলের একটি ট্রলার থেকে ১৩৮ জনকে উদ্ধার করে। এদের মধ্যে একজন উদ্ধারের আগেই মারা যায়। ভাগ্যবিড়ম্বিত মানুষগুলো গত ১১ জানুয়ারি টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। সেখানকার লোকজনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে কলম্বোতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শ্রীলঙ্কার নৌবাহিনী ইতিমধ্যেই ১২১ জনকে আইনি প্রক্রিয়া শেষ করে পুলিশি হেফাজতে পাঠিয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে পড়া ১৬ জনকে ওলুউইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ওই ১২১ জনকে বাত্তিকালোয়ার নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।সুফিউর রহমান জানান, শ্রীলঙ্কার প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন উদ্ধার করা ব্যক্তিদের শুরু থেকেই মানবিক সহায়তা দেওয়ার কাজ করছে।জানতে চাইলে হাইকমিশনার বলেন, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি কতজন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।তবে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার একটি কূটনীতিক সূত্র জানিয়েছে, উদ্ধার করা ব্যক্তিদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, এদের অধিকাংশ মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান নেওয়ায় এরা মোটামুটি সাবলীলভাবে বাংলায় কথা বলতে পারে।এদিকে উদ্ধার করা ব্যক্তিদের সহায়তায় দোভাষী হিসেবে কর্মরত হামিদ গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এসব ব্যক্তির সঙ্গে কথা বলে মনে হয়েছে, এদের মধ্যে বেশির ভাগ বাংলাদেশি। হামিদের ভাষ্য অনুযায়ী, টেকনাফের তিন প্রতারকের খপ্পরে পড়ে উন্নত জীবনযাপনের আশায় মালয়েশিয়ায় পাড়ি দিতে ট্রলারে উঠেছিল।