ভাঙচুর-আগুন, ককটেল-নাশকতা, নিহত ১

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান চেয়ে গতকাল সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাস্তায় নেমে আসেন বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। তাঁরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কার্যালয়েও। শত শত যানবাহন ভাঙচুরের পাশাপাশি অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হন। নিহত হন একজন।
রাজধানীতে পল্টন মোড়ে রাত সাড়ে নয়টায় পর পর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সন্ধ্যায় মহাখালী এলাকায়ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় জাহিদ সায়মন নামের অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন আলোকচিত্রী আহত হন। রাত পৌনে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি এবং বাসাবো, বাড্ডা, পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, গেন্ডারিয়া, ইসলামপুর ও বাবুবাজারে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাত সোয়া আটটার দিকে টিএসসির পূর্ব পাশের ফটকে পর পর তিনটি এবং সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাশে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বারিধারা এলাকায় প্রধান নির্বাচন কমিশনারের বাসভবনের অদূরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, রাতে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পাশে একটি এবং মিরপুর ১২ নম্বর সেকশনের পল্লবী এলাকায় অপর একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া হাতিরপুলে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং বাংলামোটরে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়া হয়। ফার্মগেটে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে কয়েক যুবক। সেখান থেকে পুলিশ একজনকে আটক করে।
কুমিল্লায় মিছিল করার সময় দেলোয়ার হোসেন নামের ছাত্রদলের এক কর্মী মারা গেছেন। ছাত্রদলের দাবি, পুলিশের গুলিতে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, নিজেদের ককটেল বিস্ফোরণে দেলোয়ারের মৃত্যু হয়েছে। এদিকে দেলোয়ার হোসেনের পরিবার থেকে বলা হয়েছে, দেলোয়ার কোনো ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না।
বগুড়া শহরে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের মিছিল সাতমাথা অতিক্রমের সময় বৃষ্টির মতো ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ গুলি করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিনজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া বগুড়ায় আজিজুল হক কলেজের অধ্যক্ষের বাসায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও পুলিশের সঙ্গে বিজিবির তিন প্লাটুন সদস্য বগুড়া শহরে টহল দিচ্ছেন।
ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালি থেকে গোকুল পর্যন্ত বিভিন্ন স্থানে অর্ধশতাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে। বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়াতে ভাঙচুর করা হয় ১০টি গাড়ি। শেরপুর এলাকায়ও ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বরগুনা শহরের সদর রোড এবং এর আশপাশের এলাকা বিএনপি ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। শহরের আলিয়া মাদ্রাসা রোডে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। হবিগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে ২৫ জন আহত হয়। পুলিশ শতাধিক রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও বিজিবির ওপর হামলা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরানবাড়িয়ায় জামায়াতের মিছিল থেকে গরানবাড়ী পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের গাজীরহাটে পুলিশকে লক্ষ্য করে ককটেল ফাটান জামায়াতের কর্মীরা। পাবনা শহরের ইন্দারা মোড়ে পুলিশকে লক্ষ্য করে চারটি ককটেল ফাটান বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। পিরোজপুরে বিএনপি-জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম আহত হন। বগুড়ায় একটি মিছিল শহরের থানা মোড় অতিক্রমের সময় সদর থানা লক্ষ্য করে ৮-১০টি ককটেল ফাটানো হয়। রাজশাহীতে নির্বাচন কার্যালয় লক্ষ্য করে ফাটানো হয়েছে ককটেল। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড়ে রাত আটটার দিকে বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মিজানুর রহমানের গাড়িবহর লক্ষ্য করে ককটেল ফাটায় দুর্বৃত্তরা। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আসাদ নামের একজন গাড়িচালক গুরুতর আহত হন।
আগুন: গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা সদরের মহেষপুর এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে হামলা চালিয়ে স্কয়ারের একটি ওষুধবাহী গাড়িসহ তিনটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। পিরোজপুরের মঠবাড়িয়ায় ভাঙচুর করা হয় বিআরটিসির একটি বাস। বরিশালে সদর রোডে গাড়ি ভাঙচুরের সময় বিক্ষুব্ধ কর্মীদের ইটের আঘাতে এক গাড়িচালক আহত হন।
কার্যালয় ভাঙচুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর এবং সিলেট নগরের ধোপাদীঘির পাড়ে জাতীয় পার্টির কার্যালয় ও চালিবন্দরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল ফাটানো হয়। লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
এ ছাড়া সিলেট খুলনা, কুষ্টিয়া, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শেখপাড়া বাজার, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট, নোয়াখালীর মাইজদী, বেগমগঞ্জ, চৌমুহনী ও সেনবাগের সেবারহাট বাজার, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, চুয়াডাঙ্গা ও ফরিদপুরে ট্রাক, ইজিবাইক, কাভার্ড ভ্যান, রিকশা ও দোকানপাট ভাঙচুর এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া ও আনারপুরা এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন বিএনপির কর্মীরা।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।