যানবাহন ও রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর, নেতাদের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ, ককটেল হামলা ও সংঘর্ষের মধ্য দিয়ে গত ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সহিংসতার খবর পাওয়া গেছে ঢাকাসহ ১৫টি জেলায়। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা চতুর্থ দফার এই ৭২ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে কাল শুক্রবার সকাল ছয়টায়।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে এ পর্যন্ত ১৮-দলীয় জোট চার দফা অবরোধের ডাক দিয়েছে। এর সঙ্গে যোগ হয় হরতাল এবং জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর নিয়ে সহিংসতা।
হরতাল চলাকালে সংঘর্ষে আহত আসমা বেগম ওরফে রাজিয়া বেগমের (৫০) মৃত্যু হয়েছে গত মঙ্গলবার রাতে। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের হালট্টি গ্রামে। গত রোববার হালট্টি গ্রামে জামায়াত-শিবির ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় তিনি আহত হন।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন বাসচালক আল আমিনের মৃত্যু হয়েছে। ৩ ডিসেম্বর গাজীপুরে মালেকের বাড়ি এলাকায় অবরোধকারীদের আগুনে তিনি দগ্ধ হন।
এ নিয়ে হরতাল-অবরোধসহ রাজনৈতিক সহিংসতায় গত ২৩ দিনে নিহতের সংখ্যা দাঁড়াল ১১৪।
ছাত্রলীগ নেতার রগ কর্তন: রাজশাহীতে গতকাল শিবিরের কর্মীরা ছাত্রলীগের নেতা শিমুল আহমেদ ওরফে ডিউকের পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এইচএসসি পরীক্ষার্থী শিমুল নগরের মতিহার থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিমুল মেহেরচণ্ডী এলাকার বাসা থেকে রিকশায় করে কলেজে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মেহেরচণ্ডী ফটকের কাছে হামলার শিকার হন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক বি কে দাম বলেন, শিমুলের ডান পায়ের রগ ও বাঁ পায়ের একটি আঙুল কেটে গেছে। এ ছাড়া তাঁর বাঁ হাত ভেঙে গেছে এবং কুপিয়ে জখম করা হয়েছে। পিঠও জখম হয়েছে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় লোহার রড দিয়ে পিটিয়ে ছাত্রলীগের নেতা ফারুক ইব্রাহিমকে আহত করেছে শিবির। তিনি উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারের ব্যবসায়ী ও বিএনপির কর্মী আবু তাহেরকে (৩০) মঙ্গলবার রাতে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বাড়িতে পেট্রলবোমা হামলা: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এবারের সংসদ সদস্যপ্রার্থী তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালের রামগঞ্জ শহরের বাসভবন লক্ষ্য করে গতকাল ভোররাতে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এম এ আউয়ালের অভিযোগ, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এ হামলা চালায়। একই রাতে বাগেরহাটের মংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রহমানের বাড়িতে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। তবে ওই দুই ঘটনায় কোনো ক্ষতি হয়নি।
ককটেল হামলা: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সকালে পাঁচ-ছয়টি ককটেল ফাটান বিএনপির কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদলের পাঁচ কর্মী আহত হন। পরে পুলিশ পাঁচ লিটার পেট্রলসহ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনসহ তিনজনকে আটক করে। মঙ্গলবার রাতে আটক হন শহর বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অহিদুল হক খান।
গতকাল মেহেরপুর শহরের ডিসি অফিস ও কোর্ট এলাকা, শিল্পকলা একাডেমী মোড়, বাসস্ট্যান্ড, প্রেসক্লাব, সোনালী ব্যাংকসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা চালানো হয়। মাগুরা সদর থানার সীমানার ভেতরে মঙ্গলবার রাতে ককটেল ফাটায় দুর্বৃত্তরা। একই রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাইয়ুমের বাড়িতেও ককটেল হামলা হয়।
দলীয় কার্যালয়, দোকানপাট ভাঙচুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের দেবপুর বাজারে মঙ্গলবার রাতে স্থানীয় ওয়ার্ড বিএনপির কার্যালয় ও ১৮টি দোকান ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা জানান, চাঁদপুর শহর থেকে রাত ১১টার দিকে ছাত্রলীগের ২০-২৫ জনের একটি দল এ হামলা চালায়।
মঙ্গলবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার পাকুড়িয়া বাজারের বাসুদেব কুন্ডুর মুদি দোকান আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
যানবাহনে ভাঙচুর, আগুন: কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী এলাকায় গতকাল একটি অটোরিকশায় আগুন দেন অবরোধকারীরা। এতে চারজন আহত হন। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির নির্বাচনী প্রচারণায় গাড়িটি ব্যবহার করা হচ্ছিল।
সীতাকুণ্ড থেকে শতাধিক কাভার্ড ভ্যান ও ট্রাক মঙ্গলবার রাতে পুলিশি পাহারায় চট্টগ্রামে যাচ্ছিল। রাত সাড়ে ১১টা থেকে একটার মধ্যে ইকোপার্ক গেট, পৌর সদরের পন্থিছিলা ও ফকিরহাটে ছয়টি কাভার্ড ভ্যানসহ সাতটি গাড়িতে আগুন দেন অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন। পুলিশও গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজিবি। রাত দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিরাপত্তার স্বার্থে টেকনাফ বাসস্ট্যান্ড থেকে বাসটি নিজের বাড়ির সামনে এনে রেখেছিলেন আবুল বাশার। বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত একটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়ার আদমদীঘি উপজেলায় ভাঙচুর করা হয় ১১টি যানবাহন।
আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ: কুষ্টিয়ার মিরপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপির কার্যালয়ের সামনে রাখা চারটি মোটরসাইকেল ও একটি পেট্রলপাম্পে ভাঙচুর চালানো হয়।
রাজধানীতে বিক্ষিপ্ত ককটেল হামলা: গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে সড়ক বিভাজকের ওপর দুটি শক্তিশালী ককটেল ফাটানো হয়। প্রায় একই সময় মোহাম্মদপুর ও কাকরাইলে ককটেল হামলা হয়। এতে এসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গতকাল বিকেল সোয়া চারটার দিকে পুরান ঢাকার গেন্ডারিয়ায় খোকা মাঠের কাছে অবরোধ-সমর্থকেরা পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সকাল ছয়টার দিকে গাবতলী বাস টার্মিনালের কাছে ককটেল বিস্ফোরণ ঘটান অবরোধ-সমর্থকেরা। প্রায় একই সময় তেজগাঁও রেললাইনের ওপর টায়ারে আগুন লাগিয়ে অবরোধের চেষ্টা করা হয়। সকালে মিরপুর ১ নম্বরে ছাত্রদলের মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
গত মঙ্গলবার রাতে নগরের ভাষানটেকে ৪ নম্বর বস্তিতে অভিযান চালিয়ে দুটি ককটেল, বিস্ফোরকসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া চিকনা জামাল (৩৫) ও জাকির হোসেন (২৬) বিএনপির কর্মী।
গ্রিন রোডে কমফোর্ট হাসপাতালের সামনে রাত আটটার দিকে মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্ত পাঁচটি ককটেল ছোড়ে। এতে রিকশাযাত্রী আবিদুর রহমান, খোকন ও তাঁদের রিকশাচালক রবিউল এবং অপর রিকশাচালক দাউদ খান ও কাঠমিস্ত্রি রুবেল হোসেন আহত হন। তাঁদের মধ্যে খোকন ছাড়া বাকি চারজনকে পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]