গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও এক কর্মচারীকে মারধরের অভিযোগে ৫৮ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আনোয়ারুল কবীর চৌধুরী গত মঙ্গলবার জয়দেবপুর থানায় এ মামলা করেন।মামলায় আট শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন মনজুর রহমান, তারেক জামান, রেদোয়ানুল আলম, পিটার সৈকত, রাশেদ চৌধুরী, মাঈনুদ্দীন আহমেদ, হেলাল উদ্দীন ও রেজভির আহমেদ। এ ছাড়া ৪৫-৫০ শিক্ষার্থীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, পাঁচ শিক্ষার্থী পরপর তিন টার্মে অকৃতকার্য হওয়ায় সম্প্রতি তাঁদের ভর্তি বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ, আগে থেকে সতর্ক নোটিশ দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ এ ক্ষেত্রে তা করেনি। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে লাগাতার আন্দোলনে নামেন। গত রোববার তাঁরা অনশন কর্সসূচি পালন শেষে ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে।