শাহজালাল হলে গত শনিবার রাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। একই সঙ্গে ভাঙচুরের ঘটনায় জড়িত ছাত্রদের শাস্তির দাবি তোলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিমের অনুসারীরা। এদিকে ভাঙচুরের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের স্মারকলিপি হাতে পেয়েছি। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও তদন্ত কমিটির সদস্য হেলাল উদ্দিন আহম্মদ বলেন, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক তৌহিদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে গত সোমবার। কমিটির অন্য দুই সদস্য হলেন শাহজালাল হলের আবাসিক শিক্ষক আরিফ উদ্দিন খান।
গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সহসভাপতি রেজাউল করিমের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে শাহজালাল হলের ১৪টি কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই পক্ষের পাঁচজন আহত হন।
স্মারকলিপির বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আশা করি উপাচার্য জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।’