ভাঙচুর ও হুমকির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সা’দত কলেজের অধ্যক্ষের বাসভবন ও একাডেমিক ভবন ভাঙচুর এবং মহিলা হোস্টেল সুপারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে গতকাল সোমবার শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। শহরের শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল দুপুরে তাঁরা মানববন্ধন করেন। পরে তাঁরা টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম মিয়া, উপাধ্যক্ষ মো. আনসার আলী প্রমুখ।
সংবাদ সম্মেলনে শিক্ষক পরিষদের সম্পাদক মো. মনিরুজ্জামান জানান, কলেজের এক ছাত্র শহরে হেরোইনসহ আটক হন। তাঁকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে না নেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে একদল যুবক অধ্যক্ষের বাসা ভাঙচুর করেন। পরে শনিবার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হলে একদল বহিরাগত ছাত্র ও যুবক এসে পরীক্ষার্থীদের হল থেকে বের করে দেন। এ সময় তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দেন এবং দরজা-জানালা ভাঙচুর করেন। এ ঘটনার প্রতিবাদে ওই দিনই শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের জরুরি সভা হয়। এ সময় বিএ (পাস) প্রথম বর্ষের ছাত্র সোহাগ বাবুর নেতৃত্বে তিন-চারজন ছাত্র ঢুকে মহিলা হোস্টেলের একটি কক্ষে তাঁদের পছন্দের ছাত্রীকে বরাদ্দের জন্য সুপারিশ করেন। এতে মহিলা হোস্টেলের সুপার সোলায়মান কবীর রাজি না হওয়ায় তাঁকে হত্যার হুমকি দেন তাঁরা। এ ঘটনার প্রতিবাদে শিক্ষকেরা সভা মুলতবি রেখে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে মৌনমিছিল করেন।