ভাঙচুর করা হচ্ছে লাশবাহী অ্যাম্বুলেন্সও

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ নিয়ে ফেনী যাচ্ছিল লাইফ লাইন নামের একটি অ্যাম্বুলেন্স। রোববার দিবাগত রাত তিনটার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় পৌঁছালে গাড়ি লক্ষ্য করে ছুটে আসে পাথর। এতে অ্যাম্বুলেন্সটির দুটি কাচ ভেঙে যায়। অ্যাম্বুলেন্সচালক মাহবুব বলেন, ‘ওই অবস্থায় গাড়িটি নিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করি।’ ৬০ ঘণ্টার হরতাল চলাকালে গতকাল সোমবার দুপুর পর্যন্ত এভাবে চারটি অ্যাম্বুলেন্স ভাঙচুর হয়েছে বিভিন্ন স্থানে।
এ ছাড়া রোগী নামিয়ে ফেরার পথে গতকাল সোমবার সীতাকুণ্ড ও সাতকানিয়ায় অন্তত চারটি অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়। এ অবস্থায় চাহিদা থাকা সত্ত্বেও চালকেরা ভয়ে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন না। এতে দুর্ভোগে পড়েছে রোগী ও স্বজনেরা।
গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দেখা যায়, যানবাহনের অভাবে রিকশা কিংবা রিকশা ভ্যানযোগে রোগী নিয়ে আসা হচ্ছে। নগরের কালুরঘাটের জোবেদা বেগম নামের এক অন্তঃসত্ত্বাকে আনা হয় ভ্যানযোগে। এর আগের দিন রোববার নগরের স্টেডিয়াম এলাকায় অন্তঃসত্ত্বা নারীকে নামিয়ে সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়। এদিকে হরতালের প্রথম দিন রোববার সকালে পশ্চিম পটিয়ার বড় উঠান এলাকায় ভাঙচুর করা হয় আরও একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো শ-১১-১২৬)। চালক নূর আলম বলেন, ‘আমি বাঁশখালীতে লাশ নিয়ে যাচ্ছিলাম। তারা লাশ দেখল। তার পরও কাচ ও লাইট ভেঙে দেয়।’ একই সময়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটে ভাঙা হয় নজরুল ইসলামের অ্যাম্বুলেন্স। গাড়িতে তখন রোগী ছিল বলে জানা গেছে।
গতকাল দুপুর ১২টার দিকে ফেনী থেকে একজন হূদেরাগীকে নিয়ে চমেক হাসপাতালে আসে একটি অ্যাম্বুলেন্স (চট্ট মেট্রো-ছ-৭১-০১৬৫)। চালক মো. বেলাল বলেন, ‘সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট, ভাটিয়ারী ও বাড়বকুণ্ড এলাকায় তিনবার পিকেটারদের বাধার মুখে পড়ি। তারা গাড়ি ভেঙে দিতে চেয়েছে। রোগী আছে বলার পর কাপড় উল্টে দেখেছে। ক্যাথেডার ও স্যালাইন দেখার পর ছেড়ে দিয়েছে।’ চমেক হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ১০-১৫ জন চালক কার্যালয়ে বসে টেলিভিশন দেখছেন। এ সময় ভাড়া করতে এসে তিনজন লোক ফেরত যান। চালকেরা বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি ভাঙা হচ্ছে। আমাদের মারধর করতে চাইছে। তাই ভাড়া নিচ্ছি না।’ হাটহাজারীর মো. শফিক নামের রোগীর এক স্বজন বলেন, ‘আমার রোগী সুস্থ হয়েছে। এখন বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চাইছি। কিন্তু পাচ্ছি না।’ চমেক অ্যাম্বুলেন্স স্ট্যান্ডের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘অন্য হরতালের সময় ভাঙচুর হয়নি। অ্যম্বুলেন্স চলাচলে বাধাও দিত না। এবার ভাঙচুর হচ্ছে।’ সাতকানিয়ায় দুটি এবং সীতাকুণ্ডে দুটি অ্যাম্বুলেন্স আটকে রেখেছে বলে তিনি জানান।

বগুড়া
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতালে বগুড়ার শেরপুর ও শাজাহানপুরে পিকেটাররা ঢিল ছুড়ে কমপক্ষে ১৫টি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হরতালের প্রথম দিন রোববার সন্ধ্যার পর ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন স্থানে পিকেটিং করেন হরতাল-সমর্থকেরা। এ সময় রোগী নিয়ে রাতে উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাওয়ার পথে কমপক্ষে ১৫টি অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. রুহুল বলেন, সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক মুমূর্ষু রোগীকে ভর্তি করে ফেরার পথে তাঁর গাড়ি হরতাল-সমর্থকদের কবলে পড়ে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী শাজাহানপুর থানা এলাকায় এসব হামলার ঘটনা বেশি ঘটছে। তাঁর থানা এলাকায় অ্যাম্বুলেন্স বা গাড়ি আটকানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলো গন্তব্যে চলে যাওয়ার ব্যবস্থা নিচ্ছেন।