ভাঙচুর-গুলির পর মুজিবনগর কলেজ তিন দিনের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতার ছেলের ‘উদ্ধত আচরণকে’ কেন্দ্র করে গতকাল সোমবার মেহেরপুরের মুজিবনগর ডিগ্রি কলেজে ব্যাপক ভাঙচুর চালান শিক্ষার্থীরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পাঁচ পুলিশ ও সাত ছাত্র আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ১৫ জন ছাত্রের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে মুজিবনগর থানায় মামলা করেছেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্যমতে, বেলা সাড়ে ১১টার দিকে বহিরাগত এক যুবক মোটরসাইকেলে ক্যাম্পাসে এসে ‘উদ্ধত আচরণ’ করেন। এই নিয়ে কলেজের ছাত্র রকির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক রকিকে কিলঘুষি মারলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।কলেজছাত্র রকির ভাষ্যমতে, প্রায় প্রতিদিনের মতো ওয়াসিম মোল্লা নামের বহিরাগত ওই যুবক গতকালও মোটরসাইকেলে কলেজে এসে বেপরোয়াভাবে চলাফেরা করছিলেন। এ সময় তিনি তাঁকে ক্যাম্পাসের বাইরে চলে যেতে বলেন। তখন ওই যুবক নিজেকে আওয়ামী লীগের এক নেতার ছেলে পরিচয় দিয়ে তাঁকে কিলঘুষি মেরে জখম করেন। পরে কলেজ কর্তৃপক্ষ ওয়াসিমকে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নিয়ে যায়। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান। শিক্ষকেরা তাঁকে অধ্যক্ষের কক্ষে না রেখে পুলিশের হাতে তুলে দিলে এ ঘটনা ঘটত না।জানা যায়, ওয়াসিম মোল্লার বাবা রফিকুল ইসলাম মোল্লা মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর চাচা শফিক মোল্লা মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অপর চাচা আসকার আলী মেহেরপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।কলেজের অফিস সহকারী আকরাম হোসেন বলেন, ওই বখাটে যুবক প্রায়ই কলেজে ঢুকে মেয়েদের বিরক্ত করতেন।নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একজন শিক্ষক বলেন, ছাত্রদের সঙ্গে বহিরাগত এক যুবকের হাতাহাতি দেখে তিনি ওই যুবককে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নিয়ে যান। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে, বহিরাগত এক যুবকের হাতে কলেজছাত্র আহত হয়েছে। এতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ছাত্ররা বহিরাগত যুবককে তাদের হাতে তুলে দিতে বলে। কিন্তু তা না করায় তারা কলেজের জানালা-দরজা ও আসবাব ভাঙচুর শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় রকি ছাড়া আরও ছয়জন ছাত্র আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।