সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়ে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানোর ঘটনায় দায়ের করা মামলায় ৩৬ শিক্ষার্থী জামিন পেয়েছেন। গতকাল বুধবার সকালে সিলেটের মুখ্য বিচারক হাকিমের আদালতে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।এদিকে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষাবর্ষের ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। তাই সব শিক্ষার্থীকে যথাসময়ে নির্দিষ্ট ক্লাসে উপস্থিত হতে হবে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের দ্বিতীয় লেভেলের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছুসংখ্যক নেতা-কর্মীসহ নয়জন শিক্ষার্থী অকৃতকার্য হন। পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণ হতে না পেরে ওই শিক্ষার্থীদের নেতৃত্বে একদল শিক্ষার্থী ওই রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটান।গত শুক্রবার বিশ্ববিদ্যায়ের উপাচার্য শহীদুল্লাহ তালুকদারের কাছে এক স্মারকলিপি প্রদান করে ওই শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও শর্ট সেমিস্টার চালুর দাবি জানানোর পাশাপাশি রোববার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছেন। ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনোয়ার হোসেন বাদী হয়ে শাহপরান থানায় ৩৬ জন শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করেন।