ভাঙচুর লুটপাট, আতঙ্কে ১০ পরিবার গ্রামছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের তোতা মিয়া হত্যাকাণ্ডের জের ধরে মামলার আসামিদের ঘরবাড়ি ভাঙচুরের পর এখনো লুটপাট অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ১০টি পরিবার আতঙ্কে গ্রাম ছেড়েছে। এ ব্যাপারে পুলিশ মামলা নেওয়াসহ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। গ্রামবাসী জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১৫ মে পুরুলিয়া গ্রামের তোতা মিয়া (৬৫) চাঁচুড়িবাজার থেকে বাড়ি ফেরার পথে খুন হন। এ ঘটনায় নিহতের ছেলে জয়নাল বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা করেন। খুনের ঘটনার পর ১৬ ও ১৭ মে আসামিদের ১৭টি বাড়িঘর ভাঙচুর লুটপাট করা হয়। এর মধ্যে কিসলু শেখ, শাহাদত সরদার, হবিবর সরদার, জান্নাত সরদার, বদিয়ার, শুক মিয়া, খালিদ, ইমাদুল খান, জাফর সরদার, রেখা বেগমের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এসব পরিবারের লোকজন আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ ছাড়া এখলাছ, শাহাজান শেখ, মফিজার, নূর ইসলাম, ইসমাইল, সাত্তার শেখ ও মেহেদী শেখের বাড়িতেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিসলু শেখের পিতা মোতালেব শেখ বাদী হয়ে নিহত তোতার ছেলে জয়নাল ও আতিয়ারসহ ৩১ জনের বিরুদ্ধে এবং হবিবরের স্ত্রী মহিরোন তোতার ছেলে জয়নাল, মতিয়ার ও আতিয়ারসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি মামলা করেছেন। আর শাহাদত সরদারের স্ত্রী নুরুন্নাহারও তোতার ছেলে জয়নাল ও মতিয়ারসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা করেছেন। ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, এখন তাঁদের ঘরের টিন ও ইট চুরি হয়ে যাচ্ছে। গাছপালা কেটে নিচ্ছে। তাঁরা চাষাবাদের জন্য জমিতে যেতে পারছেন না। গৃহবধূ নুরুন্নাহার বলেন, ‘নিরাপত্তার অভাবে ছেলেমেয়ে নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি।’ নিহত তোতা মিয়ার ছেলে মতিয়ার রহমান হত্যা মামলার আসামিদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা জানেন না বলে দাবি করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, পাঁচ-ছয়টি বাড়ি ভাঙচুর করা হয়েছে, তবে লুটপাট ও নিরাপত্তাহীনতার ব্যাপারে অভিযোগ নিয়ে কেউ আসেনি। মামলা না নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।