ভাঙচুর-লুটপাট চলছেই মানুষ গ্রামছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামের নুর ইসলাম শেখ হত্যাকাণ্ডের জেরে ওই গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ পর্যন্ত ওই গ্রামের পূর্ব ও পশ্চিমপাড়ার ২৫টি বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়েছে। এসব হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
গত রোববার দুই পক্ষের সংঘর্ষে নুর ইসলাম (৪৫) নিহত হন। সেই থেকে তাঁর পক্ষের লোকজন এই হামলা ও লুটপাট চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।
নুর ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় ৫৮ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়েছেন।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আকতার হোসেন। তাঁর কাছে হেরে যান দলের বিদ্রোহী প্রার্থী শরিফুল আলম। নির্বাচনের পর থেকে দুজনের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। ৯ জুলাই বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলায় একজনের পায়ে আঘাত লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির পরদিন সকালে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিয়ে সালিস-বৈঠক নির্ধারণ করে পুলিশ বেলা একটার দিকে ঘটনাস্থল ত্যাগ করলে শরিফুল আলমের সমর্থক আবু ছউদ মৃধা ও আনিচ মোল্লার নেতৃত্বে ৩০-৪০ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আকতার হোসেনের সমর্থকদের ওপর হামলা চালায়। দুই পক্ষের সংঘর্ষে মাতব্বর ইদ্রিস শেখের ভাই নুর ইসলাম শেখ (৪৫) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নুর ইসলাম হচ্ছেন চেয়ারম্যানের সমর্থক। তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে আকতার হোসেনের লোকজন শরিফুল আলমের পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালান। গতকাল শুক্রবার পর্যন্ত এসব হামলায় অন্তত ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান আকতার হোসেনের অভিযোগ, মূলত ইউপি নির্বাচনে প্রতিহিংসা থেকে এ হত্যাকাণ্ড হয়েছে। আর পরাজিত প্রার্থী শরিফুল আলম বলেন, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। নির্বাচনকে কেন্দ্র করে এটি আরও জোরদার হয়েছে।