ভাঙচুর লুটপাট সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে যেমন ব্যাপক সহিংসতা হয়েছে, তেমনি এই নির্বাচনের পরবর্তী সময়ের সহিংসতাও আগের দুটি ধাপের মাত্রা ছাড়িয়েছে। সাতটি জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচন-পরবর্তী ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। প্রতিপক্ষের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। কুপিয়ে বা পিটিয়ে জখম করা হয়েছে দুই শতাধিক ব্যক্তিকে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেশির ভাগই বিএনপির কর্মী-সমর্থক।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গতকাল রোববার আবদুল খালেক (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে। ছেলেকে প্রতিপক্ষের হাতে মার খেতে দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ীর প্রেমতলী এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন নয়নের সঙ্গে ছাত্রলীগের কর্মী বাবুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় প্রতিপক্ষের হাতে ছেলে রুহুল আমিনকে মার খেতে দেখে তাঁর বাবা আবদুল খালেক অসুস্থ হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবদুল খালেক মারা গেছেন।
দলীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবক লীগের নেতা রুহুল আমিন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান এবং ছাত্রলীগের কর্মী বাবু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ কে এম আতাউর রহমানের সমর্থক।
চারঘাট সদরে গতকাল রাতে রকি নামের বিএনপির এক সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুরের আমগাছী গ্রামে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে ভোট না দেওয়ায় সাজু এবং বর্দ্ধনপুর গ্রামে আবু হানিফ নামের বিএনপির দুই কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। গোদাগাড়ীর গোগ্রাম হাটপাড়া ও ভানপুরে গত শনিবার রাতে বিএনপি-সমর্থিত মোহাম্মদ ইসহাক ও বিদ্রোহী প্রার্থী হযরত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
লোহাগড়া (নড়াইল): লোহাগড়ার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে শনিবার রাতে বিএনপির নেতা জাফর মুন্সী ও যুবদলের নেতা আজমল মুন্সীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, দুই বাড়ির ছয়টি ঘর কুপিয়ে ও ভাঙচুর করে তছনছ করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, পার্শ্ববর্তী কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা খান শামীমুর রহমান ওরফে অছি খাঁ এবং লোহাগড়ার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা খান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
জাফর মুন্সীর ছেলের স্ত্রী নাসরিন বেগম জানান, রাত ১১টার দিকে বাড়ির সামনে পর পর তিনটি গুলির শব্দ পেয়ে ভয়ে পুরুষেরা বাড়ি থেকে পালিয়ে যান। হামলাকারীরা পাঁচটি গরু, তিনটি ছাগল, স্বর্ণালংকার, ৩৫ হাজার টাকাসহ অন্য মালামাল লুট করে নিয়ে যায়। আজমল মুন্সীর মা মেরিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কেন যে ভোট আসে। ভোট আসলিই আমাগের বিপদ।’ তিনি জানান, রাত ১২টার দিকে তাঁদের বাড়িতে ঢুকে তিন-চারটি গুলি করা হয়। তিনটি ঘর ভাঙচুর করে দুটি গরু, তিনটি ছাগল ও ১৮টি হাঁস-মুরগি নিয়ে যায় হামলাকারীরা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনের দাবি, এটি নির্বাচনী সহিংসতা নয়।
কুমিল্লা: নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের কাকৈরতলা গ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি-সমর্থক বাচ্চু মিয়া, মিজানুর রহমান, আমান উল্লাহ ও বাবুল মিয়ার বাড়িতে শনিবার রাত সাড়ে আটটার দিকে ব্যাপক ভাঙচুর চালান। তাণ্ডব শেষে আমান উল্লাহর শিশুকন্যা আমেনা আক্তার ওরফে অর্পিতাকে (৫) তাঁরা ধরে নিয়ে যান। পরে অবশ্য তিন ঘণ্টা পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। হামলায় নারী, বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘কারা এ কাজ করেছে তা বলতে পারব না।’
হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জের বিভিন্ন স্থানে নির্বাচনের পর থেকে সংঘর্ষে গতকাল রাত পর্যন্ত দেড় শতাধিক লোক আহত হয়েছেন। তাঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা নিয়েছেন কমপক্ষে ৮০ জন। ভর্তি আছেন ৫০ জনের মতো।
উপজেলার নাসিরকোট এলাকার সরকারবাড়িতে হামলা চালিয়ে দুটি বসতঘর ও একটি মন্দির ভাঙচুর করা হয়েছে। চেঙ্গাতলী বাজারে ভাঙচুর করা হয় যুবদলের দুই নেতার বাড়ি। বেলঘর আড়ং বাজারে ভাঙচুর করা হয়েছে কমপক্ষে ৫০টি দোকান।
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহামঞ্চদ মনির অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের অন্তত ১০০ নেতা-কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন। আবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহ্মুদ হোসেন মোল্লা অভিযোগ করেন, আওয়ামী লীগের হামলায় তাঁদের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
ফেনী: দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়িতে ভাঙচুর চালানো হয়। আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই আকবর হোসেন জানান, দুর্বৃত্তরা ১৫-১৬টি ককটেল ফাটিয়ে ঘরে ঢুকে ভাঙচুর চালায়। তিনি এর জন্য আওয়ামী লীগের নেতা দিদারুল কবিরের সমর্থকদের দায়ী করেন।
কিশোরগঞ্জ: সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার রাতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িতেও হামলা চালানো হয়। এসব ঘটনায় ১০ জন আহত হন।
রাঙামাটি: কাউখালীর পরাজিত প্রার্থী অর্জুন মণি চাকমা অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা শনিবার সন্ধ্যা ও গতকাল সকালে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে হামলা চালান। এসব ঘটনায় তাঁর ১০ কর্মী আহত হন।