ভাঙচুর, হল ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যেষ্ঠ ও কনিষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের দ্বন্দ্বের জের ধরে গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী হলের পাঁচটি কক্ষ ভাঙচুর ও ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি কলেজ শাখা ছাত্রলীগের কমিটিও সাময়িক স্থগিত করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে কলেজের কে-৭৩ ব্যাচের চার ছাত্রীকে কে-৭২ ব্যাচের কয়েকজন ছাত্র র্যা গিং করেন। তাঁরা ছাত্রীদের মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছাড়েন। এ নিয়ে দুই ব্যাচের মধ্যে কয়েক দিন থেকে উত্তেজনা চলছিল। এর মধ্যে গত সোমবার রাতে কে-৭২ ব্যাচের এক ছাত্র কে-৭৩ ব্যাচের নাম মুছে দিয়ে তাঁদের একটি ছবি ফেসবুকে আপলোড করেন। এ নিয়ে আবার হলে উত্তেজনা দেখা দেয়। গতকাল সকালে কে-৭৩ ব্যাচের শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষকে বিষয়টি জানান। এ নিয়ে বিচার চলার সময় ক্যাম্পাসে গুজব ছড়িয়ে পড়ে কে-৭৩ ব্যাচের এক ছাত্র কলেজের এক ছাত্রীকে মুঠোফোনে অশ্লীল মন্তব্য করেছেন। এ ঘটনায় অধ্যক্ষের কক্ষের সামনে কে-৭৩ ব্যাচের এক ছাত্রকে মারধর করেন কে-৭২ ব্যাচের কয়েকজন ছাত্র। তাঁদের সঙ্গে কে-৭৪ ব্যাচের কয়েক ছাত্রও যোগ দেন। ক্যাম্পাসের এই বিতণ্ডা পরে হলেও ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদের একটি অংশ হলের ২০, ২২, ২৩, ২৬ নম্বর কক্ষ ও গণ রুম হিসেবে ব্যবহৃত আরেকটি কক্ষ ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ইসমাইল খান বলেন, জ্যেষ্ঠ ছাত্রদের সম্মান করা, কনিষ্ঠদের র্যাগ দেওয়াসহ বিভিন্ন কারণে হলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্রদের (গতকাল সন্ধ্যা সাতটার মধ্যে) হল ছাড়তে বলা হয়েছে। ছাত্ররা হল ছাড়লেও ক্লাস চলবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ছাত্ররা হলে ফিরতে পারবেন।
এদিকে গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে কলেজ শাখা ছাত্রলীগের কমিটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
জানতে চাইলে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রায়হান ইসহাক বলেন, কলেজের তিনটি ব্যাচের ঝামেলার কারণে ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তাঁরা উত্তেজনা প্রশমনে কাজ করেছেন। কমিটি স্থগিতের কারণ সম্পর্কে তিনি বলেন, গতকাল বিকেল থেকে অনলাইনভিত্তিক বিভিন্ন গণমাধ্যমে কলেজে ছাত্রলীগের দুই পক্ষকে দায়ী করে সংবাদ প্রকাশ করা হয়। এ থেকেই হয়তো কেন্দ্র থেকে কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।