
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘কোটাপদ্ধতির বিরুদ্ধে আন্দোলনের নামে যারা ভাঙচুর, নৈরাজ্য ও স্থাপনা ধ্বংস করেছে, তাদের পিএসসির অধীনে কোনো চাকরি হবে না। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। ছবি দেখে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।’ তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদানকে যারা খাটো করে দেখতে চায়, তাদের চাকরি পাওয়ার অধিকার নেই।
গতকাল বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি বিকেল পাঁচটায় শুরু হয়ে ইফতারের আগমুহূর্ত পর্যন্ত চলে। ঈদের পর সাংগঠনিক সফর: বৈঠকে উপস্থিত সূত্রে জানা যায়, বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় কর্মসূচি নেওয়া হয়। এ ছাড়া ১৫ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে আলোচনা সভা হবে। দলকে তৃণমূলে সক্রিয় করতে ঈদের পর দেশব্যাপী সাংগঠনিক সফর হবে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সবাইকে সক্রিয় হতে হবে। অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিতে হবে। মুখ খুলতে হবে। বিএনপির অপকর্ম মানুষকে মনে করিয়ে দিতে হবে। একইভাবে সহযোগী সংগঠনগুলোকেও সক্রিয় করতে হবে। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী সাংগঠনিক সফর শুরুর আগে নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।
সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করে মুক্তিযোদ্ধাদের খাটো করা হচ্ছে। তিনি বলেন, ‘মেধাবীদের জন্য সর্বোচ্চ কোটা আছে। মেধাবী ছাত্ররা গাড়ি পোড়ায় না, উচ্ছৃঙ্খল হতে পারে না। চাকরিতেও তারা এ রকম উচ্ছৃঙ্খল আচরণ করবে। তাদের যারা উসকানি দিচ্ছে, তারা কি আগামী দিনে রাজাকার-আলবদর কোটা দিয়ে দেশ চালাবে?’
শেখ হাসিনা বলেন, ‘যারা গাড়ি ভাঙচুর করে, স্থাপত্য ভাঙচুর করে, তারা কতটুকু মেধাবী? তাদের মেধা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমার এ কথার পর অনেকেই অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন।’
বিএনপির সমালোচনা: রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখানোয় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের রায় নিয়ে বিএনপি কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করছে না। এতেই প্রমাণিত হয়, যুদ্ধাপরাধীদের প্রতি তাদের সমর্থন আছে। সমগ্র জাতি যেখানে বিচার চায়, তখন বিচার চায় না শুধু একটি দল, তার নাম বিএনপি। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে যারা হরতাল দিয়ে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, অথচ রোজার মাসে হরতাল দিচ্ছে।
শেখ হাসিনা বলেন, অপরাধীর বিচার হবে। সংবিধান মানলে বিচার মানতে হবে। রায়ে সংক্ষুব্ধ হলে আপিল করতে পারবে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল দেওয়া অপরাধ। তিনি বলেন, ধর্মের নামে মেয়েদের আয়-উপার্জনের পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। বিএনপি এর বিরুদ্ধে টুঁ শব্দ করছে না। ভবিষ্যতে আওয়ামী লীগ বিজয়ী না হলে লাখ লাখ মেয়ে চাকরি হারাবে। যুবকেরা আবার সন্ত্রাসের পথে চলে যাবে। হাওয়া ভবনের মতো হয়তো অন্য নামে নতুন ভবন হবে। রাজনৈতিক নেতাদের আবার হত্যা করা হবে। দেশ আবার অন্ধকারে চলে যাবে।
বৈঠকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।