ভাঙচুরের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তাঁর বাবার বিরুদ্ধে উচাখিলা বাজারের এক চা-দোকানি তাঁর দোকান ভাঙচুরের অভিযোগে গত মঙ্গলবার রাতে মামলা করেছেন।
চা-দোকানি আবদুল হেকিম অভিযোগ করেন, গত রোববার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদের বাবা নুরুল ইসলামের সঙ্গে পাওনা টাকা আদায় নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। নুরুল ইসলাম চড় মারলে তিনি তাঁর জামার কলার চেপে ধরেন। পরে স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করেন। ওই দিন বেলা তিনটার দিকে হাসান মাহমুদ তাঁর দোকান ভাঙচুর করেন। এ সময় তিনি কয়েকটি গুলি ছোড়েন। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
গতকাল বুধবার ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, বাদী যেভাবে অভিযোগ করেছেন মামলাটি সেভাবেই নথিভুক্ত করা হয়েছে। ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ দাবি করেন, ঘটনাটি তাঁকে হেয়প্রতিপন্ন করতে কোনো মহলের সাজানো ষড়যন্ত্র।