ভাঙচুরের অভিযোগ ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতঘর, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের এক হাজার ২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার মামলাটি করেন। ওই মামলায় বৃহস্পতিবার আটক হওয়া ২৪ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামিয়ে দেওয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা বটতলা এলাকায় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে। বেলা পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এবং চৌমাথা এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস, কয়েকটি অটোরিকশা ও একটি ট্রাক ভাঙচুর করে। এ সময় তারা বিভিন্ন এলাকায় বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানও ভাঙচুর করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, দ্রুত বিচার আইনের ৩ ও ৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলায় ৪২ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতসহ মোট আসামির সংখ্যা এক হাজার ২০০ জন।