ভাঙচুরের অভিযোগে শিবিরের তিন নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে হাটহাজারী থানার পুলিশ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া নেতারা হলেন—শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নেছার আহমদ, ক্যাম্পাস শাখার সভাপতি তোফায়েল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন জানান, নেছার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনজনকেই ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি শামসুদ্দিন বলেন, ‘এটা সাজানো মামলা। এ মামলায় আমাদের সব নেতা-কর্মীর হাইকোর্ট থেকে জামিন নেওয়া হয়েছে। এর পরও পুলিশ কেন গ্রেপ্তার করেছে, তা বোধগম্য নয়।’বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলাকালে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ব্যাপক ভাঙচুর চালান।শিক্ষার্থীকে কুপিয়ে জখম: ক্যাম্পাসে গতকাল দুপুরে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র জহিরুল ইসলামকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জহির প্রশাসনিক ভবনে একাডেমিক কাজে এসেছিলেন। কাজ শেষে ফেরার পথে সমাজবিজ্ঞান অনুষদের সামনে সন্ত্রাসীরা ধারালো চাকু দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেন। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জসিম উদ্দিন বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে খোঁজ নেওয়া হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।