ভাঙচুরের ঘটনা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাবে গত শুক্রবার রাতের ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের নেতারা। তাঁরা বলেছেন, মাঠ রক্ষার আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি কুচক্রী মহল এ কাজ করেছে।
রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনে গতকাল রোববার সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। ‘সরকার ও বঙ্গবন্ধু পরিবারকে হেয়প্রতিপন্ন করা এবং ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার চক্রান্তকারীদের বিচারের দাবিতে’ ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে৷ এতে মূল বক্তব্য দেন স্থপতি ইকবাল হাবিব।
রহস্যজনক ওই হামলার পর মাঠের বিভিন্ন অংশে কয়েকটি ব্যানার ঝুলিয়ে রেখে যায় দুষ্কৃতকারীরা। মাঠ রক্ষার আন্দোলনকারীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ব্যানারগুলোতে সরকারের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কথা লেখা ছিল।
ইকবাল হাবিব শুক্রবার রাতের ঘটনাকে একটি সাজানো ঘটনা হিসেবে দাবি করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, মাঠ রক্ষা আন্দোলনের সব ব্যানার, ফেস্টুন সাধারণ কাপড়ে তৈরি হয়। কিন্তু ওই রাতে যেসব ব্যানার, ফেস্টুন টাঙানো হয়েছে, সেগুলো ছিল দামি কাপড়ে তৈরি।
ইকবাল হাবিব বলেন, দুর্বৃত্তরা ব্যানারে লিখেছে ‘ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন’। এ আন্দোলনের কোনো কর্মী ভুল করেও কথাটি লিখবেন না। কারণ তিনি স্থপতি। এ ছাড়া এই ব্যানারগুলোতে প্রচারে ‘পরিবেশবাদী’ কথাটি লেখা হলেও আন্দোলনকারীরা কোনো দিন কোনো প্রচারে শব্দটি ব্যবহার করেন না।
এ সময় আরও বক্তব্য দেন স্থপতি মোবাশ্বের হোসেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, স্থপতি সালমা এ শফি ও ক্রীড়াবিদ কামরুন্নাহার ডানা৷
ইশতিয়াক জামিনে মুক্ত
ধানমন্ডি থানা সূত্র জানায়, গত শনিবার বেলা আড়াইটায় অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে ধানমন্ডি থানায় শেখ জামাল ক্লাব লিমিটেডের পক্ষে মামলা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মারাফত আলী৷ এই মামলায় মাঠ রক্ষা আন্দোলনের কর্মী ইশতিয়াক আহমেদকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গতকাল তিনি মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে জামিন পান।
ইশতিয়াক জানান, শনিবার বেলা ১১টার দিকে তিনি আগের রাতে টানানো পোস্টার খুলে ফেলার চেষ্টা করেন। এরপর ক্লাবের লোকজন তাঁকে মারতে আসে। এ সময় পুলিশ সেখান থেকে তাঁকে ধানমন্ডি থানায় নিয়ে যায়। বিকেল চারটা পর্যন্ত তাঁকে ধানমন্ডি থানায় রাখা হয়। পরে বাড়ি ফিরে আসার পর রাত সাড়ে নয়টার দিকে তাঁকে আবার ধানমন্ডি থানায় ডেকে নেওয়া হয়৷