গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিতে পাঁচজন করে সদস্য রয়েছেন। গতকাল সোমবার কমিটি দুটি গঠন করা হয়।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ গিয়াস উদ্দীন মিয়া জানান, মৎস্য অনুষদের ডিন মাহবুবার রহমানকে সভাপতি করে গঠিত কমিটি পুরো ঘটনা তদন্ত করবে। অপর কমিটি ছাত্র বিক্ষোভের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতি নির্ধারণ করবে। উদ্ভিদ ও রোগতত্ত্ব বিভাগের শিক্ষক ইসমাইল হোসেন এই কমিটির সভাপতি।পাঁচ শিক্ষার্থীর ভর্তি বাতিলের প্রতিবাদে শিক্ষার্থীরা গত রোববার সকাল থেকে ক্লাস বর্জন করে অনশন শুরু করেন। একপর্যায়ে তাঁরা ক্যাম্পাসে ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। রাতে শিক্ষার্থীরা বিএস ছাত্র হলের প্রাধ্যক্ষের কক্ষে আগুন ধরিয়ে দেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংবিধি অনুযায়ী পর পর তিন টার্মের পরীক্ষায় অকৃতকার্য (জিপিএ-২.৫-এর নিচে) হওয়ায় ওই শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করা হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, এ ধরনের ঘটনায় আগে থেকে নোটিশ দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা দেয়নি।