ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বিভিন্ন কক্ষ ও অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে গত মঙ্গলবার মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার শিশু নিলয়ের (৬) মৃত্যুর জের ধরে তার আত্মীয়স্বজন ও আরও কিছু লোক হাসপাতালে ভাঙচুর চালান।
পুলিশ জানায়, ভাঙচুরের ঘটনায় সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আবু সাঈদ রোগীর স্বজনসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় একটি অভিযোগ দেন। গতকাল বুধবার ওই অভিযোগ দ্রুত বিচার আইন ২০০২-এর ৪/৫ ধারায় মামলা হিসেবে লিপিবদ্ধ করে পুলিশ।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নাটাই উত্তর ইউনিয়নের দারোগা বাড়ির আবুল কালাম আজাদের ছেলে নিলয় (৬) মঙ্গলবার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। ওই দিন বেলা সাড়ে ১১টায় জেলা সদর হাসপাতালে নিলয়কে ভর্তি করা হয়। সার্জারি বিভাগের বিশেষজ্ঞ তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে ওঠানোর পর নিলয় মারা যায়। পরে অ্যাম্বুলেন্স চালকের অসহযোগিতার অভিযোগে দুপুর সাড়ে ১২টার দিকে রোগীর স্বজনসহ অজ্ঞাতনামা প্রায় ৩০-৪০ জন লোক হাসপাতালের অ্যাম্বুলেন্সসহ জরুরি বিভাগ ও অস্ত্রোপচার কক্ষ, টিকিট কাউন্টার, নিচতলার সব কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। প্রশাসনিক ভবনে হামলা চালিয়েও ভাঙচুর করা হয়। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এসআই সোহাগ রানাসহ পাঁচজন আহত হন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আবাসিক চিকিৎসা কর্মকর্তা রানা নুরুস শামসকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
এদিকে মঙ্গলবার রাত আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সাধারণ লোকজন সাংসদের কাছে অ্যাম্বুলেন্স চালক হুমায়ূন লস্করের নানা অনিয়ম ও চিকিৎসাসেবায় চিকিৎসকদের অবহেলা নিয়ে অনিয়মের কথা তুলে ধরেন। পরে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
আবু সাঈদ বলেন, অ্যাম্বুলেন্স চালক হুমায়ূনের বিরুদ্ধে আনা অবহেলার অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চাকরিচ্যুত করা হবে। ইতিমধ্যে এ ঘটনায় হুমায়ূনকে ও আরেক চালক মো. নুরুজ্জামানকে বদলি করা হয়েছে।