মিরপুর ৬ নম্বর সেকশনের ডা. আজমল হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ঢাকা কমার্স কলেজের ৩০০-৪০০ ছাত্রকে আসামি করে মিরপুর থানায় মামলা হয়েছে। হাসপাতালের পরিচালক মীর আতাউর রহমান গত শনিবার রাতে এ মামলা করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, মামলায় হাসপাতালের ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও নগদ দুই লাখ লুটপাটের অভিযোগ আনা হয়েছে। এতে ৩০০-৪০০ ছাত্রকে আসামি করা হয়। ওসি বলেন, মৃত কলেজশিক্ষক তৃষ্ণা গাঙ্গুলির পক্ষ থেকে মামলা করতে এলে তা-ও গ্রহণ করা হবে। গত শনিবার ভুল চিকিৎ সায় ঢাকা কমার্স কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তৃষ্ণা গাঙ্গুলির (৩২) মৃত্যুর অভিযোগে ওই কলেজের শিক্ষার্থীরা আজমল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতাল ও যানবাহন ভাঙচুর করে। মৃত্যুর আগে অস্ত্রোপচারে তৃষ্ণা একটি কন্যাসন্তান জন্ম দেন। যোগাযোগ করা হলে তৃষ্ণার স্বামী দেবাশীষ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, তাঁদের নবজাতক এখন চাঁদপুরে তার নানা-নানির কাছে আছে। দু-এক দিনের মধ্যে তিনি গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে ঢাকায় ফিরে সংশ্লিষ্ট গাইনি চিকিৎ সক ও ডা. আজমল হাসপাতালের বিরুদ্ধে মামলা করবেন।