সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনায় তিন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সম্পর্কিত একটি নোটিশ জারি করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফজলুল হক স্বাক্ষরিত এক নোটিশে ক্যাম্পাসে সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আরেকটি জরুরি নোটিশ জারি করে অকৃতকার্য শিক্ষার্থী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসাইন, আন্দোলনে নেতৃত্বদানকারী শিপলু রায় ও নিজাম উদ্দিনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনোয়ার হোসেন বাদী হয়ে শাহপরান থানায় ৩৬ শিক্ষার্থীকে আসামি করে একটি মামলা করেন। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার জানান, মামলায় শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ও একাডেমিক ভবন ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আপাতত সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যায় তিন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত এক নোটিশের মাধ্যমে অভিযুক্তদের জানিয়ে দেওয়া হয়েছে।’গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের দ্বিতীয় লেভেলের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছুসংখ্যক নেতা-কর্মীসহ নয়জন শিক্ষার্থী অকৃতকার্য হন। পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণ হতে না পেরে ওই শিক্ষার্থীদের নেতৃত্বে একদল শিক্ষার্থী ওই রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটান।গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুল্লাহ তালুকদারের কাছে একটি স্মারকলিপি পেশ করে ওই শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন এবং শর্ট সেমিস্টার চালুর দাবি জানানোর পাশাপাশি রোববার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছেন।