প্রাইভেট পড়ানো বন্ধের দাবিতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ভাঙচুরের ঘটনায় চার ছাত্রকে আসামি করে মামলা ও তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ইনস্টিটিউটের অধ্যক্ষ গতকাল সোমবার পাবনা সদর থানায় মামলাটি করেন।অধ্যক্ষ শাহজাহান আলী জানান, ঘটনার পরই শিক্ষকদের নিয়ে কয়েক দফা বৈঠক করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি মানা সত্ত্বেও ভাঙচুর ও এক শিক্ষককে লাঞ্ছিত করায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।অধ্যক্ষ শাহজাহান আলী আরও জানান, কিছু ছাত্র বিভিন্ন বিষয়ে খারাপ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকায় ইলেকট্রিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মাহমুদুর রহমান, পাওয়ার বিভাগের সপ্তম পর্বের ছাত্র হাফিজুর রহমান, কনস্ট্রাকশন বিভাগের পঞ্চম পর্বের ছাত্র রাসেল আহম্মেদ ও সিভিল বিভাগের পঞ্চম পর্বের ছাত্র মেজবাহুল হককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।