ভাঙচুরের ঘটনায় ১২ শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহপাঠী লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের মধ্যে ছয়জনকে জরিমানা করা হয়েছে।১৯ জুলাই উপাচার্যের অনুমতিক্রমে রেজিস্ট্রারের পক্ষে ডেপুটি রেজিস্ট্রার নাসের সালেহ চৌধুরী স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে শিক্ষার্থীদের এ দণ্ড দেওয়া হয়।ওই ১২ শিক্ষার্থীর মধ্যে কৃষি অনুষদের মো. আল আমিন, মো. নিয়াজ মকদুম, মো. জাবিদ, আবদুল্লাহ আল বাক্বী; পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মো. মীর আল-আমিনকে ছাত্রাবাস থেকে স্থায়ী বহিষ্কারসহ পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং কৃষি অনুষদের প্রতাপ চন্দ্র রায়কে বহিষ্কারসহ এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া বিএএম অনুষদের মো. আরিফুজ্জামান তুহিন, শেখ রাশেদুল ইসলাম, সাইদুর রহমান; সিএসই অনুষদের জি এম সাইফুল ইসলাম এবং কৃষি অনুষদের অমিত হাসান ও আবু সাঈদ মো. হাসানকে ছাত্রাবাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১৪ মে সকালে দুমকি উপজেলার পাগলা এলাকার বিশ্ববিদ্যালয় স্কয়ারে বাসের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের তৃতীয় সেমিস্টারের ছাত্র সাইফুল ইসলাম পরিবহনশ্রমিকদের হাতে লাঞ্ছিত হন। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ফটকে নসিব সিনেমা হল চত্বরে মৃধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ১৩তম সভায় বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ১২ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে ছাত্রাবাস থেকে বহিষ্কার এবং ছয়জনকে অর্থদণ্ড করা হয়।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ওই শিক্ষার্থীদের ছাত্রাবাস থেকে বহিষ্কার ও অর্থদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।