ভাঙচুরের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কক্ষ ভাঙচুরের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি ওই ভাঙচুরের ঘটনা ঘটলেও ২৯ ফেব্রুয়ারি ১৫০ থেকে ২০০ অজ্ঞাতনামা লোককে আসামি করে ওই মামলা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেসুর রহমান।
তবে ওই মামলার বিষয়টি গতকাল বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকেরা জানতে পারেন।
ওই মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাজ্জাজুল আলম প্রামাণিক হৃদ্রোগে আক্রান্ত হলে মৃত অবস্থায় তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা রোগীকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ উচ্ছৃঙ্খল লোক ইটপাটকেল, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কমপ্লেক্সের মূল ভবন, জরুরি বিভাগ, অফিসসহ ডক্টরস কোয়ার্টারে ভাঙচুর করেন। এতে কমপ্লেক্সের দরজা, জানালা, চেয়ার, টেবিল ও গ্লাস ভেঙে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়।
তবে ইউপি সদস্য হাজ্জাজুল আলমের ছোট ভাই বাবলু মিয়াসহ অন্তত ১০ জন অভিযোগ করে বলেন, ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টানা চারবারের নির্বাচিত সদস্য হাজ্জাজুল আলম ওই দিন অসুস্থ হলে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার অভাবে সেখানে তাঁর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাজারও জনতা জড়ো হয়ে চিকিৎসকদের বিরুদ্ধে বিক্ষোভসহ সেখানে ভাঙচুর করেন।
খবর পেয়ে ওই দিনই রংপুরের সিভিল সার্জন মোহাম্মদ আহাদ আলী ঘটনাস্থলে ছুটে এসে দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত চিকিৎসক তৌফিক আহম্মেদকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন। এ ঘটনায় তিনি ওই দিনই তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
বদরগঞ্জ থানার এসআই শাহজাহান মিয়া বলেন, ‘ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করা হবে।’