ইসলাম রক্ষার নামে কথিত ১৩ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা শহরে অগ্নিসংযোগ, ভাঙচুর, পবিত্র কোরআন অবমাননা, পুলিশ ও বিজিবিকে হত্যার জন্য হেফাজতে ইসলাম, বিএনপি-জামায়াতসহ ১৮-দলীয় জোটকে দায়ী করেছে ছয়টি সংগঠন।
গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে নৈরাজ্য, সম্পদ লুণ্ঠন ও মানুষের জানমাল রক্ষায় সরকারকে সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ এবং পুলিশ, র্যাব ও বিজিবির সাহসী পদক্ষেপকে অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর ও সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর ও সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজী ও সাধারণ সম্পাদক আসলাম সানী। বিজ্ঞপ্তি।