ভাঙচুরের পর ইউএসটিসি বন্ধ
রাষ্ট্রপতির মাধ্যমে স্থায়ী উপাচার্য, সহ-উপাচার্য, ট্রেজারার নিয়োগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের পরে গতকাল বৃহম্পতিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল সকালে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ভারপ্রাপ্ত সহ-উপাচার্যের কক্ষে শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু দুপুর পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত ভাঙচুর চালানো হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন, লাইব্রেরি, এনাটমি বিভাগ, বায়োলজি ল্যাব এবং প্রশাসনিক ভবনের দরজা-জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে ক্যাম্পাসের ভেতরের রাস্তায় বিভিন্ন আসবাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে নগরের খুলশী থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর থেকে পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহ-উপাচার্য, রেজিস্ট্রারের মধ্যে দফায় দফায় আলোচনা চলে।
ইউএসটিসির রেজিস্ট্রার শামস-উদ-দোহা প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবির কথা জানিয়ে আমরা জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে টেলিফোন এবং মুঠোফোন বার্তার (এসএমএস) মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। বিষয়টি জানার পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর চালান। বিকেলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি।’