ভাঙচুরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ, রাতে চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বহুতল ভবন ধসের ঘটনায় গাজীপুরের পোশাকশ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার পরিবহন মালিক সমিতির তিনটি কার্যালয় ও শতাধিক যানবাহন ভাঙচুর করেন। এই ভাঙচুরের প্রতিবাদে গতকাল দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুরসহ ১৩টি জেলার ৪০টি পথে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন নেতারা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সাভারে বহুতল ভবন ধসে পোশাকশ্রমিকদের ব্যাপক প্রাণহানির ঘটনায় গতকাল সকালে ক্ষোভে ফেটে পড়েন গাজীপুরের বিভিন্ন এলাকার শ্রমিকেরা। পোশাকশ্রমিকেরা সকাল আটটার পর থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে এলোপাতাড়ি যানবাহন ভাঙচুর করেন।গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবহনের শ্রমিকেরা এক পোশাকশ্রমিককে ধরে নিয়ে গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। পোশাকশ্রমিকেরা উত্তেজিত হয়ে চান্দনা চৌরাস্তা এলাকার ফজল ম্যানশন মার্কেটে হামলা চালান। সেখানে গাজীপুর জেলা বাস মালিক সমিতি, মিনিবাস মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির গাজীপুর জেলা শাখার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেন। শ্রমিকদের হাত থেকে রেহাই পায়নি মার্কেটের বন্ধ থাকা দোকানও। শ্রমিকেরা তালা ভেঙে দোকানের শাটার খুলে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেন। তাঁরা প্রায় ১০ লাখ টাকার মুঠোফোনের সেট ও একটি ল্যাপটপ লুট করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া সেখানে কিছু বিলবোর্ড ও পোস্টারে অগ্নিসংযোগ করেন শ্রমিকেরা।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বেলা তিনটার দিকে জরুরি বৈঠকে বসেন পরিবহনের মালিক ও শ্রমিকনেতারা। তাঁরা বিকেল পৌনে চারটার দিকে সড়ক পরিবহন মালিক সমিতির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।এতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল আহসান সরকার বলেন, ‘উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কে শত শত যানবাহন ভাঙচুর করেছেন। গুজবে কান দিয়ে আমাদের তিনটি কার্যালয়ে হামলা চালিয়েছেন। এর প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকার ফুলবাড়িয়া ও মহাখালী থেকে চলাচলকারী গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নরসিংদী, নওগাঁ, জামালপুর, রাজশাহী, বগুড়া, শেরপুরসহ ১৩টি জেলার ৪০টি পথে বাস চলাচল আজ (বৃহস্পতিবার) রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. মোশারফ সিকদার প্রমুখ।রাত সাড়ে নয়টার দিকে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মালিক সমিতির নেতারা রাত সাড়ে ১০টা থেকে বাস চালানোর সিদ্ধান্ত নেন।