বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন ভাঙচুরের অভিযোগে কলাবাগান থানায় করা মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ গতকাল সোমবার এ জামিন মঞ্জুর করেন। গত ৩১ জানুয়ারি এই মামলায় মির্জা ফখরুলের জামিনের আবেদন খারিজ করেন নিম্ন আদালত। গত রোববার তিনি হাইকোর্টে এ মামলায় জামিনের আবেদন করেন। গতকাল আদালতের মধ্যাহ্ন বিরতির পর আবেদনের ওপর শুনানি হয়।আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির। আবেদনকারীর পক্ষে এ সময় আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস, নাসির উদ্দিন আহমেদ, কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, হাইকোর্ট কলাবাগান থানার মামলায় মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করেছেন। এ নিয়ে গ্রেপ্তার দেখানো ছয় মামলায় তিনি জামিন পেলেন। এ ছাড়া যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার না করার জন্য আদালতের নির্দেশনা আছে। ফলে এখন তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ৩৭টি মামলা হয়। এর মধ্যে গত ১৬ জানুয়ারি পর্যন্ত ছয়টিতে মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ১০ ডিসেম্বর তাঁকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।