ভাঙচুরের মামলায় সীতাকুণ্ডে গ্রেপ্তার ৫
হরতালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া আসামিরা ১৮ ও ১৯ মার্চ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের সময় পুলিশের ওপর হামলা ও ভাঙচুর চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন কুতুব উদ্দীন (৩২), আবদুল জলিল (৩০), শহীদুল (২০), সহোদর সেলিম (২৪) ও তানভীর হাসান (২৪)। তাঁরা সবাই জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক বলে পুলিশ জানিয়েছে।সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক শেখ আবদুস সবুর জানান, বিএনপির ডাকা ১৮ ও ১৯ মার্চের হরতালের দ্বিতীয় দিনের ফৌজদারহাট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত শিবিরের সংঘর্ষ হয়। এতে ওই দিন সীতাকুণ্ড থানা পুলিশের উপপরিদর্শক নুরুন্নবী ভুইয়া একটি মামলা করেন। এরপর বৃহস্পতিবার রাতে ফৌজদারহাট, জলিল গেট ও বানুবাজার এলাকায় এ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।