ভাঙচুরের ২৪ দিনেও যন্ত্রটি চালু হয়নি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় যানবাহনের ওজন পরিমাপকযন্ত্র ওভার লোড এক্সেল গত ২৪ দিনেও চালু হয়নি। নিয়ন্ত্রণকক্ষে স্থানীয় ভাটপাড়া ও এর আশপাশের লোকদের হামলা, ভাঙচুর ও লুটপাটের পর ওভার লোড এক্সেল নিয়ন্ত্রণের কাজ বন্ধ রয়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, যন্ত্র মেরামত না করা পর্যন্ত সেটি চালু করা সম্ভব হবে না। সওজ সূত্রে জানা যায়, গত ৭ জুন সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাঠ বহনকারী একটি ট্রাক দ্রুতগতিতে সিগন্যাল অমান্য করে ডান পাশ দিয়ে চলে যায়। ট্রাকটি ওভার লোড এক্সেল যন্ত্র অতিক্রম করার ২০০-৩০০ মিটার দূরে গেলে এর চাকা ফেটে যায়। এ কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তখন হঠাৎ করেই স্থানীয় ভাটপাড়া ও আশপাশের শতাধিক লোক জড়ো হয়ে ওভার লোড এক্সেল নিয়ন্ত্রণকক্ষে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় নিয়ন্ত্রণকক্ষের জানালা, জানালার কাচ, চারটি সিগন্যাল বাতিসহ বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় নিয়ন্ত্রণকক্ষের সহকারী মোবারক হোসেন ভূঁইয়া সদর দক্ষিণ থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে ভাঙচুরের মামলা করেন। গ্রামবাসীর হামলার কারণে ওভার লোড এক্সেলের ৩০ লাখ টাকার যন্ত্রপাতি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি মেরামত না করা পর্যন্ত ওই যন্ত্রটি চালু করা যাচ্ছে না।সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ‘বিষয়টি আমরা সওজের প্রধান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে অবহিত করেছি। মেরামত না হওয়া পর্যন্ত ওই যন্ত্রটি চালু করা সম্ভব হবে না।’ গত মার্চে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় ওভার লোড এক্সেল যন্ত্রটি বসানো হয়। সম্প্রতি সেটি জোড়কানন এলাকায় নেওয়া হয়।