ভাঙছে ঘরবাড়ি ও ফসলি জমি

দক্ষিণ চর গাঙচিল আশ্রয়ণ প্রকল্প। বসবাস ৩১০ পরিবারের। ভূমিহীন পরিবারগুলো এই প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে ১০ বছর আগে। এখন আবার ঘরছাড়া হওয়ার আতঙ্ক ভর করেছে তাঁদের মনে। পাশের বামনী নদীর ভাঙনে এ প্রকল্পের সব ঘর বিলীনের আশঙ্কা করছেন বাসিন্দারা। প্রকল্পটির অবস্থান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে।
শুধুই আশ্রয়ণ প্রকল্প নয়, বামনী নদীর ভাঙনে বিলীন হচ্ছে ইউনিয়নের চর গাঙচিল ও চর পল্লাবীর ঘরবাড়ি ও ফসলি জমি। স্থানীয় লোকজনের অভিযোগ, দেড় বছর ধরে ভাঙছে নদীর পাড়। এখনো পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিংবা উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরত্বে দুটি চরের অবস্থান। সড়কপথে যেতে হয় হাতিয়া উপজেলার সুবর্ণচর ইউনিয়ন হয়ে। দুটি চরের পূর্ব ও উত্তর পাশে বামনী নদী। প্রায় ১৫ বছর আগে থেকে দুটি চরে মানুষের বসতি গড়ে উঠেছে। এখন দুই চরে বসবাস প্রায় পাঁচ হাজার পরিবারের।
১৪ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, চর গাঙচিলের পূর্ব ও উত্তরে নদীর পাড় ভাঙছে। চরের এই দুই অংশে বসবাস প্রায় এক হাজার পরিবারের। এ ছাড়া দক্ষিণ চর গাঙচিল আশ্রয়ণ প্রকল্প থেকে নদীর দূরত্ব এখন মাত্র ২০০ গজের মতো। অন্যদিকে চর পল্লাবীতে ভাঙছে পূর্ব পাশ। সেখানে বসবাস প্রায় ৫০০ পরিবারের।
চর গাঙচিলে কথা হয় ষাটোর্ধ্ব বৃদ্ধ শেখ ফরিদের সঙ্গে। ভাঙনের ভয়ে বসতঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তিনি প্রথম আলোকে বলেন, যেভাবে ভাঙছে এক সপ্তাহ পর আর ভিটেমাটি থাকবে না। তাই উপায় না দেখে সরকারি আশ্রয়কেন্দ্রের পাশে অন্যের জমিতে নিয়ে রাখছেন ঘরের অবকাঠামো। সেখানেই অস্থায়ী বসতি গড়বেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, গত দুই মাসে দুই চরে ভিটেমাটি হারিয়েছে শতাধিক পরিবার। নদীগর্ভে হারিয়ে গেছে কয়েক শ একর ফসলি জমি। ভিটেমাটি হারা পরিবারগুলোর চরের খালি জায়গায় ঝুপড়িঘর তৈরি করে আশ্রয় নিয়েছে।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. মাসুদ বলেন, হাতিয়ার তমরুদ্দী এলাকায় তাঁর পৈতৃক বাড়িঘর ছিল। মেঘনার ভাঙনে সেখানে ভিটেমাটি হারিয়ে ২০০৭ সালে চর গাঙচিলের সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসতির সুযোগ পেয়েছেন। স্ত্রী-সন্তান নিয়ে ভালোই ছিলেন। কিন্তু গত বছর চরের পূর্ব ও উত্তর পাশ ভাঙতে ভাঙতে তা ক্রমেই আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি চলে এসেছে।
আশ্রয়ণ প্রকল্প সমবায় সমিতির সভাপতি মো. সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, গাঙচিলে ২০০৫-০৬ সালে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো (ব্যারাক) নির্মাণ করা হয়। ২০০৭ সালে প্রথম ৭০টি ভূমিহীন পরিবারকে বসবাসের সুযোগ দেওয়া হয়। পরে আরও ৩০০ পরিবারকে জায়গা দেওয়া হয়। বর্তমানে আছে ৩১০ পরিবার। ভিটেমাটি হারা ভূমিহীন পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পেয়ে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু সে আশা এখন নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
চর এলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক দাবি করেন, বামনী নদীর ভাঙনে গত দুই-তিন বছরে প্রায় এক হাজার পরিবার গৃহহীন হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাঙচিলের ভাঙনের বিষয়টি তাঁর জানা থাকলেও সরকারি আশ্রয়ণ প্রকল্প হুমকির মুখে পড়ার কথা জানতেন না। শিগগিরই তিনি সরেজমিনে এলাকাটি দেখে আসবেন। তবে নদীটির ভাঙনে এ পর্যন্ত কতটি পরিবার গৃহহীন হয়েছে তার কোনো তথ্য কার্যালয়ে নেই বলে জানান ইউএনও।
ভাঙন রোধে ব৵বস্থা নেওয়া প্রসঙ্গে পাউবোর নোয়াখালী কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন বলেন, বামনী নদীর মূল খাল বন্ধ করে সেখানে একটি ক্লোজার (গতিপথ পরিবর্তনের যন্ত্র) নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছর ক্লোজারটি নির্মাণ করা হতে পারে। তবে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর রক্ষায় ভাঙন প্রতিরোধে কিছু করা যায় কিনা তা দেখবেন বলে জানান তিনি।