ভাঙছে ঘাট, ভুগছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের গভীর হাওরের উপজেলা মিঠামইন। উপজেলার অন্তত ২৫টি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত মেঘনার গুরুত্বপূর্ণ শাখা দাইরা নদী। দাইরা নদীর ফুলপুর ঘাট দিয়ে প্রতিদিন অন্তত ১০টি গ্রামের লোক যাতায়াত করে। কিন্তু ফুলপুর ঘাটে নেই কোনো জেটি বা পাটাতন। ফলে উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের রহমতপুর, ফুলপুর, কেওয়ারজোর, গাজীরখলা, কান্দিপাড়া, কাঞ্চনপুর, দক্ষিণ কেওয়ারজোরসহ বিভিন্ন গ্রামের মানুষকে নৌযানে চড়তে দুর্ভোগ পোহাতে হয়। সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ঘাটটি চালু থাকলেও এখানে কোনো জেটি এমনকি লঞ্চ ও নৌকায় ওঠার কোনো পাটাতন নেই। তা ছাড়া ফুলপুর ঘাটের অংশটি প্রতিদিন ঢেউয়ের আঘাতে ভাঙছে। গত দুই মাসে ঘাটের প্রায় ১০ ফুট অংশ ভেঙে গেছে। রহমতপুর গ্রামের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ভূঁইয়া (২৭) জানান, নৌকা থেকে মালামাল ওঠাতে-নামাতে খুবই সমস্যায় পড়তে হয়। ফুলপুর গ্রামের কৃষক রহমত আলী (৪২) জানান, প্রতিদিন অসংখ্য যাত্রী এ ঘাট থেকে বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করে। যাত্রীদের ওঠা-নামার কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের বিশেষ করে নারী-শিশুদের খুবই সমস্যা হয়। কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেহরাজ বেগম জানান, প্রতিদিন ঢেউয়ের আঘাতে ঘাট এলাকা যেভাবে ভাঙছে, তাতে একদিন ঘাটের অস্তিত্বই থাকবে না। মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান জানান, ভবিষ্যতে সুযোগ ও অর্থ পেলে পরিষদের পক্ষ থেকেই ফুলপুর ঘাটের উন্নয়ন করা হবে।