ভাঙছে নদী, বাড়ছে ঘরহারাদের মিছিল
ছয় বছর ধরেই ভাঙছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ায় গত দেড় মাসে এই নদীতে বিলীন হয়েছে চরকাছিয়া গ্রামের আরও ৫০টি পরিবারের বসতভিটা। ঘরহারা এ মানুষগুলো এখন অসহায়।
তিন বছরে শতাধিক একর ফসলি জমি ও বাগান নদীগর্ভে চলে গেছে। ভূমিহীন হয়েছে প্রায় ৪০০ পরিবার। মেঘনার ভাঙনের হুমকিতে রয়েছে নদীর দুই পারের বিস্তীর্ণ জনপদ ও হাজার একর ফসলি জমি।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ২৯ মে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ ভাঙন পরিদর্শনে আসেন। পরে পানিসম্পদমন্ত্রী আনিসুল দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে এক সভায় মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কিন্তু এক বছর পার হলেও মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
চরকাছিয়া গ্রামের ইসমাইল ব্যাপারী ও মোবারক আলীর শেষ সম্বল একটি বসতঘরও গত ২৫ জুলাই মেঘনা নদীতে বিলীন হয়েছে। তাঁরা বলেন, নদীতে মাছ ধরে পরিবার-পরিজন নিয়ে ভালোই চলছিল তাঁদের সংসার। কিন্তু সব হারিয়ে আজ তাঁরা নিঃস্ব। এখন অন্যের জমিতে পলিথিন দিয়ে ঘর তুলে থাকছেন।
মোক্তার হোসেন মাঝি বলেন, ‘নদী থেকে ২৫-৩০ ফুট দূরে পানির ঘাটে আমার একটি দোকান ছিল। ২ আগস্ট সকালে গিয়ে দেখি দোকানটি আর নেই। ৩০ হাজার টাকার মালামালসহ নদীতে তলিয়ে গেছে।’
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার জানান, চরকাছিয়া গ্রামের নুর মোহাম্মদ, হামিদ ব্যাপারী, নাজিম উদ্দিন মাঝি, মোস্তফা মাঝি, রশিদ হাওলাদার, কালু ব্যাপারী, বাবুল গাইন, শাহ আলম ব্যাপারীসহ ৫০টি পরিবারের ঘরবাড়ি গত দেড় মাসে নদীতে তলিয়ে গেছে। বর্তমানে ভাঙনে বিলীন হওয়ার পথে দুলাল মোল্লা, খাজা হাওলাদার, রোজ উদ্দিন হাওলাদার, ইমাম হোসেনসহ ৩০টি পরিবারের বসতভিটা। ছয় বছরে ভূমিহীন হয়েছে কমপক্ষে ৪০০ পরিবার। গত তিন বছরে শতাধিক একর ফসলি জমি ও বাগান নদীগর্ভে বিলীন হয়েছে। এখন হুমকিতে আছে ৫০০ পরিবারের বসতভিটা ও জমি।
দক্ষিণ চরবংশী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা বলেন, স্থানীয় সাংসদ ও সরকারের অনেক কর্মকর্তা সরেজমিনে নদীভাঙনের চিত্র দেখেছেন। কিন্তু ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের লক্ষ্মীপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান মৃধা বলেন, ‘ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙন রোধের জন্য কয়েক মাস আগে প্রধান কার্যালয়ে বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলে কাজ শুরু করব।’