ভাঙছে পদ্মা, বাড়ছে শঙ্কা

ঢাকার দোহার উপজেলায় প্রায় এক মাস ধরে পদ্মা নদীর তীব্র ভাঙন অব্যাহত আছে। ইতিমধ্যে কয়েক শ ঘরবাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে। এসব বাড়ির লোকজন এখন মানবেতর জীবন যাপন করছে।
|গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মেঘুলা বাজার থেকে ২০০-৩০০ গজ দূরে মধুরচর গ্রাম। সেই গ্রামের নদী ভাঙনকবলিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যাচ্ছে। ওই গ্রামের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক খুঁটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
কৃষ্ণদেবপুর গ্রামের বাসিন্দা মো. সমির উদ্দিন মিয়া বলেন, ‘কয়েক সপ্তাহের ভাঙনে আমরা কয়েক শ পরিবার নিঃস্ব হয়ে গেছি। এখন রাস্তার পাশে আশ্রয় নিয়েছি।’
মধুরচর গ্রামের বাসিন্দা আবদুর রহমান খান (৯০) প্রথম আলোকেবলেন, ‘আমাদের পৈতৃক সম্পত্তির প্রায় সবই পদ্মার পেটে গেছে। এখন মাত্র ১ শতাংশ জায়গায় আমরা দুটি টিনশেডের ঘরে বাস করছি। যেভাবে ভাঙন ধরেছে, আমরা বাকি জায়গাটুকুও রক্ষা করতে পারব না।’
একই এলাকার মৎস্যজীবী আবদুল মান্নান বলেন, ‘আমাদের পৈতৃক ভিটা ১০ কাঠা জমিতে দুটি টিনশেড ঘর ও শাকসবজি ফলানোর জন্য কিছু জায়গা ছিল। দুদিন আগে সাত কাঠা জমি নদীতে চলে গেছে। এখন বাকি জায়গাগুলো ভাঙন ধরেছে। কোনোমতে বাঁশের খুঁটি ও টিন দিয়ে ছাপড়া ঘর বানিয়ে দুদিন ধরে থাকছি। হয়তো দুই-এক দিনের মধ্যে আমাদেরও অন্যত্র আশ্রয় নিতে হবে।’
রানীপুরের কামাল মিয়া বলেন, ‘নদীভাঙন যেভাবে শুরু হয়েছে, তাতে পরিবার-পরিজন নিয়ে কোথায় থাকব, সেই চিন্তায় মাথায় কোনো কাজ করে না। গত বছর আমাদের গ্রামবাসীর দাবি ছিল নদীপাড়ে বাঁধ দিয়ে আমাদের গ্রামটি রক্ষা করা। কিন্তু আমাদের কথা কেউ শুনল না।’
বিলাসপুর ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা রহিম উদ্দিন মিয়া বলেন, ‘পদ্মার ভাঙনে আমরা কী অবস্থায় আছি, তা দেখতে প্রশাসন ও নেতারা আসেন না। তাঁরা আসেন তাঁদের প্রয়োজনে। শুধু সান্ত্বনা দিয়ে চলে যান।’
বিলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা বলেন, ‘পদ্মার ভাঙনে আমার ইউপিতে কমপক্ষে ছয়টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আলীনগর, কৃষ্ণদেবপুর, কুতুবপুর, ফুলছড়ি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেভাবে ভাঙন ধরেছে বেশির ভাগ গ্রাম পদ্মার পেটে চলে যাবে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা নিপা বলেন, ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি পরিবারকে নগদ ৩ হাজার থেকে ৩০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। তা ছাড়া এক বান্ডেল করে টিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।