ভাঙছে বসতি ডুবছে ঘর, সব হারিয়ে নিঃস্ব হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে পদ্মার ভাঙন, অন্যদিকে বন্যার পানি। ঢাকার দোহার উপজেলায় পদ্মাতীরবর্তী নয়াবাড়ী, নারিশা, মাহমুদপুর ও বিলাশপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছে। আশ্রয়হারা লোকজন আহাজারি করছে।
‘আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে। আমাদেরকে রক্ষায় কেউ এগিয়ে এল না। আপনারা পারলে একটু লেখেন।’ বসতভিটাসহ সর্বস্ব হারানো নারিশা পশ্চিম চরের নুরু ব্যাপারী (৬০) ভেজা চোখে কথাগুলো বলছিলেন। এ রকম শত শত নুরু ব্যাপারী উদ্বাস্তুতে পরিণত হয়েছেন পদ্মার ভাঙনে।
গত এক সপ্তাহে নারিশার রানীপুর, বেলতলা, পশ্চিম চর এলাকার প্রায় ৭০০ পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, গত কয়েক দিনে পশ্চিম চর মদিনাতুল উলুম মাদ্রাসা, পাঁচটি মসজিদ, তিনটি মাছের খামার, দুটি পাকা রাস্তা ও একটি সেতু নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের কবলে পড়ায় কর্তৃপক্ষ স্থাপনা ভেঙে আসবাবসহ সরিয়ে নিচ্ছে। পদ্মার ভাঙনের কবলে রয়েছে নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাট, ধোয়াইর, পানকুন্ডসহ আরও বেশ কয়েকটি গ্রাম।
বেলতলা গ্রামের মো. হাসিম জানান, এক বছর আগে দোতলা বাড়ি করেছিলেন। কিন্তু নদীভাঙনে সব চলে গেছে। বুধবার ভাঙা ঘরে পড়ে থাকা কয়েকটি আসবাব তোলার সময় তিনি বলছিলেন এ কথা।
পদ্মায় সব হারিয়ে খোলা আকাশের নিচে রান্না করছিলেন এক গৃহিণী। এ প্রতিবেদককে দেখে কান্নায় ভেঙে পড়ে কাপড় দিয়ে মুখ ঢাকেন।
মরার উপর খাঁড়ার ঘা:এদিকে গত আট দিনে দোহার, নবাবগঞ্জ ও পাশের ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এতে পড়াশোনা বন্ধ হয়ে গেছে এ অঞ্চলের অন্তত ২০ হাজার শিক্ষার্থীর। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় তিন হাজার পরিবার।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শ্রীনগরের ভাগ্যকুল পয়েন্ট থেকে জানা গেছে, ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জ বেড়িবাঁধের বাইরের অংশের প্রায় ১৩ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পরিবারগুলো ঘরের ভেতর মাচা বানিয়ে থাকছে। খড়ের গাদা ও কচুরিপানার ঢিবি বানিয়ে তাতে গবাদিপশু ঠাঁই দিয়েছেন অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া বলেন, বন্যাদুর্গতদের জন্য ত্রাণ চেয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ভাঙনকবলিতদের চাল ও নগদ টাকা দেওয়া হয়েছে।