ভাঙছে বাড়ি, বিলীন হচ্ছে জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে পদ্মা নদী অবৈধভাবে খনন (ড্রেজিং) করে বালু তোলায় সাহাপুর গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে। কারও কারও বাড়ি ও জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সাহাপুর গ্রামের ভ্যানচালক গিয়াসউদ্দিন বলেন, ‘বাড়ির অর্ধেকটা পদ্মায় দেবে গেছে। বাকি অর্ধেকে বইসি থাইকি রাইত কাটাচ্ছি। কখুন ভাঙ্গি যাবি, এই ভয়ে ঘুম আসে না।’প্রায় এক মাস ধরে সাহাপুর এলাকায় পদ্মা নদীতে খনন করে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যে নদীতে ভেঙে গেছে। হুমকির মুখে রয়েছে শতাধিক ঘরবাড়ি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ক্যাম্প। এলাকাবাসী এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানালেও বালু তোলা বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।গত সোমবার দুপুরে সাহাপুর গ্রামে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি বাড়ি ভেঙে গেছে। বসতভিটা নদীতে চলে গেছে। আরও ১৩৫টি বাড়ি ও আবাদি জমি ভাঙনের মুখে রয়েছে। পদ্মায় বাড়ি ভেঙে যাওয়ার কারণে বাস্তুহারা হয়ে পড়েছেন দিনমজুর আলেয়া বেগম (৩৫)। তাঁর বাড়ি ভেঙে যাওয়ার পরই ভ্যানচালক গিয়াসউদ্দিনের বাড়ির অর্ধেক দেবে যায়। স্থানীয় সালেহা শাহ মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নাসির উদ্দিন তাদের বাড়ির উঠানের অর্ধেক নদীর মধ্যে ভেঙে যাওয়ার দৃশ্য দেখায়। স্থানীয় লোকজন বলছেন, পদ্মায় খননের কারণেই এ ভাঙন দেখা দিয়েছে। ভয়ের কথা হচ্ছে, দিনের বেলা তারা নদীর পাড় থেকে অনেক দূরে গিয়ে বালু তুললেও সন্ধ্যার পরপরই পাড়ের কাছাকাছি চলে আসে। উপায়হীন হয়ে এলাকার ১৫০ জন মানুষ গত সোমবার চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বালু তোলা বন্ধের আবেদন জানাতে গিয়েছিলেন। কিন্তু তিনি না থাকায় তাঁরা ফিরে এসেছেন। অবশ্য গতকাল মঙ্গলবার অর্ধশতাধিক লোক গিয়ে ইউএনওর কাছে অভিযোগ দিয়েছেন। নদী খননের কাজে নিয়োজিত শ্রমিক শাহ আলম। তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। প্রতিদিন তিনি ২০০ টাকা করে মজুরি পান। ড্রেজারের চালক ফজলুর রহমানকে (৩৫) জিজ্ঞেস করলে তিনি নদী খননের নির্দেশদাতার পরিচয় জানেন না বলে জানান। তবে স্থানীয় লোকজন জানান, ইউসুফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানেন কারা এখানে বালু তুলছে। মুঠোফোনে চেয়ারম্যান রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতা তাঁর কাছে বালু তোলার জন্য এসেছিলেন। তাঁরা বলেছিলেন, তাঁরা বাংলাদেশের সীমানায় নয়, ভারতীয় সীমানার মধ্যে বালু উঠাবেন। তাঁরা শুধু বাংলাদেশের রাস্তাটা ব্যবহার করবেন। সেই নেতাদের নাম জানতে চাইলে তিনি তাঁদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন। চারঘাটের ইউএনও আ ন ম বজলুর রশীদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তিনি এর আগেও অভিযান চালিয়েছেন। এবারও সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।প্রসঙ্গত, পদ্মায় অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ব্যাপারে ১১ নভেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হলে রাজশাহী নগরের পার্শ্ববর্তী এলাকায় বালু তোলা বন্ধ হয়। কিন্তু সাহাপুর এলাকায় বন্ধ হয়নি। এ নিয়ে ২৩ নভেম্বর ‘নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন চলছে’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়।