ভাঙছে মেরিন ড্রাইভ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের পাশ ঘেঁষে তৈরি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কটি ভাঙনের মুখে পড়েছে। সমুদ্রের করাল গ্রাসে সড়কের বিভিন্ন অংশ বিলীন হয়ে যাচ্ছে। শিগগিরই ঝুঁকিপূর্ণ সড়কের পাশে সিসি ব্লক না ফেললে বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা না গেলে সড়কটি সাগরগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর ১৭ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) ঝুঁকিপূর্ণ প্রায় চার কিলোমিটার সড়কের পাশে প্রতিরক্ষা বলয় তৈরির জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক সুদৃঢ়, পর্যটনশিল্পের বিকাশ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত দেখার সুযোগ, প্রাকৃতিক সম্পদ আহরণ ও পরিবহন এবং বিকল্প সড়ক হিসেবে ব্যবহারের লক্ষ্যে এই সড়ক প্রকল্পটির বাস্তবায়ন হচ্ছে। ১৯৯২ সালে ১০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়। ২০১০ সালে উখিয়ার ইনানী পর্যন্ত ৪৮ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ হয়। এখন ইনানী থেকে টেকনাফের শীলখালী পর্যন্ত ২৪ কিলোমিটারের নির্মাণকাজ চলছে। গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, জোয়ারের ধাক্কায় হিমছড়ি, বড়ছড়া, কলাতলী সড়কের সাতটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সেনাসদস্যরা বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। স্থানীয় লোকজন জানান, গত বর্ষায় উত্তাল সাগরের ঢেউয়ে হিমছড়ি থেকে বাট্টুমিয়ার খামার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পাশে সৃজিত ঝাউবনের আট-দশ হাজার গাছ উপড়ে পড়েছে। সড়কের কলাতলী, তিনডেইঙ্গা, ওয়া ঝরনাসহ ১২টি স্থানে প্রায় চার কিলোমিটার সড়কে ভাঙন ধরে। বিলীন হয়ে যায় বাট্টুমিয়ার খামারের দুটি মৎস্য প্রকল্প, তিন শতাধিক ঘরবাড়ি ও সাত হাজার নারকেল ও সুপারিগাছ। স্থানীয় বড়ছড়া গ্রামের বৃদ্ধ সব্বির আহমদ বলেন, চার বছর ধরে সাগরের এই আগ্রাসী রূপ দেখা দিয়েছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে সাত-আট ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। এতে কয়েকটি গ্রামও বিলীন হয়ে গেছে। ১৭ ইসিবির অধিনায়ক লে. কর্নেল সিদ্দিক মোহাম্মদ জুলফিকার রহমান বলেন, দরিয়ানগর থেকে বাট্টুমিয়ার খামারবাড়ি পর্যন্ত মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রায় চার কিলোমিটার পাকা সড়কের পশ্চিম পাশে (সমুদ্রের দিকে) প্র্রতিরক্ষা বলয় তৈরি সম্ভব না হলে সড়ক বিলীন হয়ে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘প্রতিরক্ষা বাঁধ তৈরির জন্য আমরা সাড়ে চার কোটি টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে পত্র পাঠিয়েছি। কিন্তু এখনো কোনো সাড়া নেই। বর্ষা শুরু হলে বাঁধ নির্মাণ সম্ভব হবে না।’ কক্সবাজারের সাংসদ লুৎফুর রহমান জানান, সড়কটি নির্মাণের পর হাজার কোটি টাকা বিনিয়োগে কলাতলী, সোনারপাড়া, ইনানী, টেকনাফ সমুদ্র উপকূলে স্থাপন করা হয়েছে ৫৪টি চিংড়ি পোনা উৎপাদনের হ্যাচারি। এই পোনা দিয়ে সারা দেশের প্রায় দুই লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে। সড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হলে হ্যাচারির মালিকেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে চিংড়ি রপ্তানির বিপরীতে সরকার বঞ্চিত হবে প্রায় দুই হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা থেকে। কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ভ্রমণে আসা ৯৫ শতাংশ পর্যটক সমুদ্রসৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভ সড়কটি দেখতে আসেন। সড়কের এক পাশে উঁচু পাহাড়, অন্যদিকে বিশাল সমুদ্র। পাহাড় আর সাগরের এমন অপূর্ব মিলন সচরাচর দেখা যায় না। সড়কের পাশে অসংখ্য হোটেল-মোটেল, কটেজ, রেস্টহাউস, বাংলো গড়ে উঠেছে। এখন সড়কটি ঝুঁকির মুখে পড়ায় বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন।