ভাঙছে যৌথ পরিবার, বাড়ছে অস্থিরতা
সিলেটের গ্রামাঞ্চলে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। পরিবারগুলোর বন্ধন ও সম্প্রীতি দিন দিন হ্রাস পাচ্ছে। এতে সামাজিক অবক্ষয় বেড়েই চলছে বলে জানিয়েছেন সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের শিক্ষকেরা। জেলা প্রশাসকের ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের সূত্র জানায়, জেলার যৌথ ও একক পরিবারের সংখ্যার কোনো তথ্য তাদের কাছে নেই। এ সম্পর্কিত কোনো জরিপ তারা পরিচালনা করে না। সমাজবিজ্ঞানীদের মতে, প্রতিবছরই যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবারে রূপান্তর হচ্ছে। সিলেটের গ্রামাঞ্চলগুলোতে মাত্র ১০ ভাগ যৌথ পরিবার রয়েছে।জেলা পুলিশ সূত্র জানিয়েছে, ২০১১ সালে সিটি করপোরেশন এলাকা বাদে পুরো জেলায় দুই হাজার ৭১৬টি মামলা হয়েছে। কিন্তু চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মামলা হয়েছে এক হাজার ৮২৮টি। এর মধ্যে এক-তৃতীয়াংশ পারিবারিক ও গোষ্ঠীগত দ্বন্দ্বকেন্দ্রিক। বাকি মামলাগুলো মাদক, চুরিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়সংক্রান্ত। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল কবীর বলেন, দিন দিন যৌথ পরিবার প্রথা ভেঙে যাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা, মমতা, স্নেহ ও ভালোবাসা কমে আসছে। যৌথ পরিবারের সদস্যরা কখনোই একাকিত্বে ভোগে না। তাদের সুখ-দুঃখ-হাসি-কান্না ভাগাভাগি করার অনেক মানুষ থাকে। এ ছাড়া যেকোনো দুর্ঘটনায় মানসিক ও অর্থনৈতিক সমর্থন অতি সহজেই তারা পরিবারের অপর সদস্যদের কাছ থেকে পেয়ে থাকে। এ জন্য ওদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে কর্মরত সমাজবিজ্ঞান বিভাগের একাধিক শিক্ষক এবং মনোবিশ্লেষক জানান, একাধিক কারণে সিলেটের গ্রামাঞ্চলে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: বউ-শাশুড়ির দ্বন্দ্ব, ননদ-ভাবির দ্বন্দ্ব, একা থাকার প্রবণতা ও আত্মকেন্দ্রিকতা। তাঁরা আরও জানান, যৌথ পরিবারগুলো ভেঙে যাওয়ায় পারিবারিক অশান্তি, কলহ, বিবাদ ও অবিশ্বাসের ঘটনা বাড়ছে। এ ছাড়া অধিকাংশ পরিবারের স্বামী-স্ত্রী উভয়েই চাকরিজীবী থাকায় তাঁদের সন্তানেরা বেড়ে ওঠার ক্ষেত্রে সমস্যায় পড়ছে।বিশ্বনাথ উপজেলা সদরের পুরানবাজার এলাকার বাসিন্দা সুব্রত দে যৌথ পরিবারের সদস্য। তিনি বলেন, যৌথ পরিবারে অনেক সুবিধা রয়েছে। এতে পরিবারের সদস্যদের মধ্যে সার্বক্ষণিক আন্তরিকতা থাকে। ব্যক্তিগতভাবে কারও কোনো সমস্যা হলে পরিবারের সব সদস্য মিলে সিদ্ধান্ত নিয়ে সমাধান করা যায়, যেটা একক পরিবারের ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নয়।জৈন্তাপুর উপজেলা সদরের একটি একক পরিবারের গৃহকর্তা কোহিনূর মিয়া বলেন, ‘আগে বাবা-মা-তিন ভাই-ভাবিদের নিয়ে একান্নবর্তী পরিবার ছিল। কয়েক বছর আগে আমরা পৃথক হয়ে একক পরিবার সৃষ্টি করেছি। তবে মনে কোনো শান্তি নেই। কেমন জানি নিজেকে খুব একা, অসহায় ও অসামাজিক মানুষ মনে হয়।’ সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হেকিম চৌধুরী বলেন, পারিবারিক দ্বন্দ্বকেন্দ্রিক একাধিক ঘটনার বিচার-সালিসের ঘটনা বাড়ছে। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রতিদিন এ-সংক্রান্ত বিচার হচ্ছে।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান এম এ গণি প্রথম আলোকে বলেন, আধুনিক শিক্ষার প্রভাব, নগরায়ণ ও শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ, অর্থনৈতিক ও সংস্কৃতির বিকাশের ফলে যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবার হচ্ছে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এ সামাজিক পরিবর্তনকে মোকাবিলা করার প্রস্তুতি প্রয়োজন। নতুবা মানুষের আন্তরিকতা এবং সম্প্রীতি দিন দিন কমতেই থাকবে।