ভাঙতে ভাঙতে বিলীনের পথে দাকোপের বেড়িবাঁধ
খুলনার দাকোপ উপজেলার কামারখোলা গ্রামসংলগ্ন বেড়িবাঁধের এক কিলোমিটারজুড়ে ভাঙন গত তিন দিনে ভয়াবহ আকার ধারণ করেছে। শেষ মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তৎপরতা শুরু করলেও দ্রুত সংস্কার করতে না পারলে বাঁধ বিলীন হয়ে দুই ইউনিয়নের ১৪ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।এলাকাবাসী ও পাউবো সূত্রে জানা গেছে, আইলাদুর্গত কামারখোলা ইউনিয়নে ওয়াপদা কার্যালয়ের কাছে আগে থেকেই ভাঙন শুরু হয়। গত বুধবার বিকেল থেকে ঢাকি নদীর জোয়ারে প্রায় এক কিলোমিটার বাঁধ দ্রুত ভাঙতে শুরু করে। বর্তমানে ওই এক কিলোমিটার বাঁধে সামান্য কিছু মাটি অবশিষ্ট রয়েছে। জোয়ার তীব্র হলে যেকোনো সময় বাঁধটি বিলীন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।পাউবো কর্তৃপক্ষ গত শুক্রবার সকাল থেকে দেড় শতাধিক লোক নিয়ে জরুরি মেরামতের কাজ শুরু করে। বাঁধসংলগ্ন এলাকার বাসিন্দা তরুণ মোড়ল বলেন, কিছুদিন আগে ভাঙন শুরু হলে তাৎক্ষণিকভাবে পাউবোকে জানানো হয়। কিন্তু তখন পাউবো কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। এখন পুরোপুরি ভেঙে পড়ার অবস্থায় তারা বাঁধ সংস্কারকাজ শুরু করেছে। আগে থেকে পাউবো বাঁধটি সংস্কারের উদ্যোগ নিলে এ পরিস্থিতি হতো না। একই এলাকার চপলা বালা বলেন, ‘আইলার পরেত্তে এতো ভয়াবহ অবস্থা আর হইনি। বাচ্চাকাচ্চা নিয়ে ভয়ের মধ্যি আছি।’কামারখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উমা শংকর রায় বলেন, ভাঙন শুরু হওয়ার পরপর পাউবো কোনো ব্যবস্থাই নেয়নি। কিন্তু গত তিন দিনে তীব্র জোয়ারে বাঁধের বেশির ভাগ অংশ ভেঙে পড়ার পর বৃহস্পতিবার ভোর থেকে এলাকার শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু করে। বিষয়টি জেনে পাউবো কর্মকর্তারা এসে দেখে যান। পাউবো কর্মকর্তারা পরের দিন শুক্রবার থেকে শ্রমিকদের টাকার ব্যবস্থা করা হবে বলে জানান।ওই এলাকার (৩২ নম্বর পোল্ডারে) দায়িত্বপ্রাপ্ত পাউবোর শাখা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ভাঙনের অবস্থা খুব খারাপ। তবে মেরামতের কাজ চলছে। পাউবোর খুলনার নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ সাহা বলেন, কামারখোলা ওয়াপদা কলোনির উত্তর পাশ ধরে প্রায় এক কিলোমিটার বাঁধে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এখন বাঁধের অল্প কিছু মাটি অবশিষ্ট রয়েছে। তবে এর মধ্যে সংস্কার শুরু করা হয়েছে। এ ছাড়া দ্রুত ভেতর দিয়ে ৪৫০ মিটার রিংবাঁধ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।