ভাঙতে হবে ২০ সেতু-কালভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অপরিকল্পিত ২০টি সেতু ও কালভার্ট ভৈরব নদের গলা চেপে ধরেছে। নদের প্রস্থের তুলনায় অনেক ছোট এসব সেতু-কালভার্টের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এখন এই নদের প্রাণ ফিরিয়ে দিতে খনন করা হবে। শুরু হচ্ছে ভৈরব নদ এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ। কিন্তু প্রকল্পের সুফল পেতে হলে সেতুগুলো ভাঙতে হবে।

পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বলছে, ভৈরব নদের গলায় ফাঁসের মতো থাকা এসব সেতু অপসারণ না করা হলে এ প্রকল্পের সফলতা নিয়ে সংশয় থাকবে।

সেতুগুলো যশোর শহরের পেপসি রোড, খয়েরতলা, ডাকাতিয়া সড়ক, আরসিসি গার্ডার, বিরামপুর, বাবলাতলা, দড়াটানা, কাঠের পুল, ঢাকা রোড, বেলতলা, নীলগঞ্জ, রাজারহাট, রূপদিয়া, দায়তলা, ঘোপের কাচারি ভাগ, ভায়না ঘোপ, ছাতিয়ানতলা, মাথাভাঙ্গা, ঘুনী ও বসুন্দিয়া এলাকায় নদের ওপরে নির্মিত। এর মধ্যে ১৩টি সেতু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চারটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এবং তিনটি ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৫ থেকে ৩০ বছরে এসব সেতু নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকার মতো।

যশোর শহরের বাবলাতলা থেকে নীলগঞ্জ পর্যন্ত ভৈরব নদের তিন কিলোমিটারের মধ্যে ছয়টি সেতু রয়েছে। কাঠের পুলের ওপর দাঁড়ালে দুই পাশে আরও দুটি সেতু দেখা যায়। নদের দুই পাড়ে মাটি দিয়ে ভরাট করে সেতুগুলো নির্মাণ করা হয়েছে। নদ শাসন করায় একদিকে নদের স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, অন্যদিকে সেতুর দুই পাড় অবৈধ দখলে চলে গেছে। দুই ধারে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা।

যশোর কালেক্টরেটের রাষ্ট্রীয় অধিগ্রহণ (এসএ) শাখা ও পাউবো সূত্রে জানা গেছে, যশোর-ঢাকা ভায়া ঝিনাইদহ সড়কে শহরের বাবলাতলা এলাকায় ২০৫ ফুট চওড়া নদের ওপর ১০০ ফুটের সেতু, এখান থেকে আধা কিলোমিটার দূরে দড়াটানা মোড়ের ২২২ ফুট চওড়া নদের ওপর ৮২ ফুট, এর অদূরে কাঠেরপুল এলাকার ১৪৬ ফুট নদের ওপর ৫০ ফুট, বারান্দিপাড়া এলাকায় ১৮২ ফুট নদের ওপর ১০০ ফুট এবং শেখহাটি নাথপাড়া ও যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ এলাকার ১৩৬ ফুট নদের ওপর ৬০ ফুট দীর্ঘ সেতু নির্মাণ করা হয়েছে। দুই পাড় মাটি দিয়ে ভরাট করে সেতু নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে মৃতপ্রায় নদে পরিণত হয়েছে ভৈরব।

জানতে চাইলে ভৈরব নদ সংস্কার আন্দোলন প্রস্তুতি কমিটির উপদেষ্টা ইকবাল কবির প্রথম আলোকে বলেন, উন্নয়নের নামে যেনতেনভাবে সেতু-কালভার্ট নির্মাণ করে নদটি মেরে ফেলা হয়েছে। সেতুগুলো নির্মাণের কয়েক বছরের মধ্যেই নদের নাব্যতা হারিয়ে যায়।

পাউবো সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি রক্ষায় ভৈরব নদ এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প গত বছরের আগস্টে একনেকে অনুমোদিত হয়। এ প্রকল্প বাস্তবায়নের জন্য ২৭২ কোটি ৮১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পের আওতায় রয়েছে দুটি এলাকা। একটি হলো চৌগাছা উপজেলার তাহেরপুর গ্রাম থেকে অভয়নগর উপজেলার আফ্রাঘাট পর্যন্ত ভৈরব নদের ৯৬ কিলোমিটার এলাকা। অপরটি চুয়াডাঙ্গার জীবননগরে বুড়ি ভৈরবের ৩৩ কিলোমিটার এলাকা। যশোরে ভৈরবের ৯৬ কিলোমিটার এলাকা খনন করে নদের নাব্যতা বৃদ্ধি করা হবে। আর বুড়িভৈরব খননের মাধ্যমে ভৈরবের সঙ্গে মাথাভাঙ্গা নদের সংযোগ স্থাপন করা হবে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় যশোর শহরের ভেতরে ভৈরব নদের দুই ধারে হাঁটার জন্য পাঁচ কিলোমিটার করে ১০ কিলোমিটার ইটের সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের জরিপকাজ শেষে ঠিকাদার নিয়োগের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এসব অপরিকল্পিত সেতু ও কালভার্ট অপসারণের ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে পাউবো থেকে সংশ্লিষ্ট দুটি দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী প্রথম আলোকে বলেন, ভৈরব নদ খনন করে নাব্যতা সৃষ্টি করে নৌযান চলাচলের উপযোগী করা হবে। যশোর শহরের সানতলা থেকে অভয়নগরের আফ্রাঘাট পর্যন্ত নদের ওপর অপরিকল্পিত ২০টি সেতু ও কালভার্ট রয়েছে। সেতুগুলো অপসারণ না করলে প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

অপরিকল্পিত এসব সেতু অপসারণের ব্যবস্থা নেওয়ার জন্য গত ৯ মার্চ পাউবো খুলনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম ওয়াহেদ উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত চিঠি এলজিইডি ও সওজ খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে, যার অনুলিপি দুই দপ্তরের নির্বাহী প্রকৌশলীদের কাছেও দেওয়া হয়।

জানতে চাইলে এলজিইডি খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আফজাল হোসেন বলেন, এলজিইডি থেকে সেতুগুলো যখন নির্মাণ করা হয়েছে, তখন নদের গতিপ্রবাহ ঠিক ছিল না। যে কারণে হয়তো ছোট করে সেতুগুলো নির্মাণ করা হয়ে থাকতে পারে। এখন ভৈরব নদ খনন প্রকল্পের জন্য যদি সেতুগুলো বাধার সৃষ্টি করে তাহলে অপসারণ করতে হবে। তবে সেটি পানি উন্নয়ন বোর্ডকেই করতে হবে। কারণ, নদের ওপর সেতু নির্মাণ করার সময় পাউবোর অনুমতি নেওয়া হয়েছিল।

সওজ যশোরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা চিঠি পেয়েছি, বিষয়টি সওজের ঢাকা দপ্তরের নকশা বিভাগকে জানানো হবে।’

তবে পাউবোর খুলনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম ওয়াহেদ উদ্দীন চৌধুরী বলেন, নদ-নদীর ওপর সেতু নির্মাণের জন্য পাউবো থেকে কোনো অনুমতি নেওয়া হয় না। ভৈরব নদের দুই পাড় মাটি দিয়ে ভরাট করে অপরিকল্পিতভাবে ছোট ছোট সেতু নির্মাণ করেছে এলজিইডি, সওজ বিভাগ এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। এসব অপরিকল্পিত সেতু স্ব স্ব প্রতিষ্ঠানকে সরিয়ে নিতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। অপসারণ না করলে সরকারের উচ্চপর্যায়ে জানানো হবে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, প্রকল্প সমীক্ষাপত্রে জানানো আছে, অপরিকল্পিত ২০টি সেতু অপসারণ করে পুনর্নির্মাণের জন্য ৬০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।