ভাঙন-আতঙ্কে বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধলেশ্বরী নদীর ভাঙনে ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর আশ্রয়ণ প্রকল্পের আরও একটি বসতঘর বিলীন হয়ে গেছে। এর আগে ১৭টি পরিবারের বসতঘর নদীতে বিলীন হয়ে গিয়েছিল। এদিকে ভাঙন আতঙ্কে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অনেকে ঘরের আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন।

২০০৬ সালে লাখিরচর এলাকায় ১৬০টি ভূমিহীন পরিবারকে আধা পাকা ও টিনশেডের ঘর তৈরি করে দিয়েছিল সরকার।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে ধলেশ্বরীর প্রচণ্ড স্রোতে লাখিরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নুর মোহাম্মদের টিনশেড ঘর বিলীন হয়ে যায়।

গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, ভাঙন আতঙ্কে আশ্রয়ণ প্রকল্পের আধা পাকা কমিউনিটি সেন্টারের টিনের চালা খুলে নিচ্ছেন বাসিন্দারা। এ ছাড়া ভাঙন আতঙ্কে অনেকে ঘরের মালামাল সরিয়ে নিচ্ছেন।

ঘরহারা দিনমজুর নুর মোহাম্মদের স্ত্রী আয়তন বিবি (৫৫) বলেন, ‘গতকাল ভোর পাঁচটার দিকে শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখি ঘরের পশ্চিম কোণের মাটি সরে গেছে। সঙ্গে সঙ্গে চার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে ঘরে আসবাবপত্র সরানোর চেষ্টা করি। ঘণ্টাখানেকের মধ্যে আমাদের ঘর পুরোপুরি পানিতে চলে যায়।’

এদিকে নদীভাঙনে ঘরহারা লোকজন খোলা আকাশের নিচে ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে।

দৃষ্টিপ্রতিবন্ধী মতি মোল্লার স্ত্রী শাহানা বেগম (৪৫) বলেন, ‘গত রোববার আমাদের বসতঘর নদীতে ভেসে গেছে। চার ছেলে ও দুই মেয়ে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। এখন আমার অন্ধ স্বামী ও ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের কোনো আয় নেই। স্বামী ভিক্ষা করে যা পেতেন, তাই দিয়ে সংসার চালাতাম। সরকার আমাদের থাকার জন্য একটি ঘর দিয়েছিল। সেখানে থাকতাম। সেই ঘর নদীতে চলে গেল। আমরা এখন কোথায় থাকব?’

আশ্রয়ণ প্রকল্প বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন বলেন, কমিউনিটি সেন্টার নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। এ কারণে বাধ্য হয়ে কমিউনিটি সেন্টারের টিনের চালা খুলে নিচ্ছেন। যেভাবে ভাঙন শুরু হয়েছে, পুরো প্রকল্পই ঝুঁকির মধ্যে আছে। প্রকল্পটি রক্ষার জন্য শিগগিরই নদীর তীরে বাঁধ দেওয়া দরকার।