ভাঙন ঠেকাতে কলেজে সুরক্ষা প্রাচীর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর ভাঙন ঠেকাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর এসপি ইউনিয়ন কলেজের দুই পাশে সুরক্ষাপ্রাচীর (গাইড ওয়াল) নির্মাণ করা হয়েছে। গতকাল শনিবার এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
উদ্বোধন শেষে হোসেনপুর এসপি ইউনিয়ন কলেজ মাঠে উপজেলা যুবলীগ আয়োজিত কর্মিসভায় বক্তব্য দেন আনোয়ার হোসেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান, নুরে আলম খান প্রমুখ।
আনোয়ার হোসেন বলেন, মেঘনা নদীর ভাঙন থেকে কলেজটিকে রক্ষার জন্য জেলা পরিষদের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে এই গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে মেঘনা নদীর স্রোতে কলেজের মাঠটি বিলীন হওয়ার উপক্রম হতো। তিনি বলেন, গাইড ওয়াল ছাড়া এলাকার অন্যান্য সব ধরনের উন্নয়নকাজ পর্যায়ক্রমে শেষ করা হবে।