ভাঙন ঠেকাতে দুই মাসেও কোনো উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুই মাস ধরে ভাংতি ভাংতি রাস্তাডা প্রায় নেই। যেকোনো সময় ওই স্লোপ (পাড়) ভাঙে রানাইসহ আশপাশের সাত-আটটা গ্রাম তলায়ে যাবেনে। কিন্তু আমাগে বাড়ির কাছে এমপি থাকতিউ সরকারিভাবে এখনো কোনো ব্যবস্থা হলো না।’
গত বুধবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া-শোলগাতিয়া সড়কের পাশে দাঁড়িয়ে রানাই গ্রামের হরিশংকর পাল এভাবেই তাঁর ক্ষোভের কথা বলেন।
এলাকাবাসীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ বছর ধরে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া সেতুর পশ্চিম পাশে চারটি ইটভাটা গড়ে উঠেছে। ওই প্রভাবশালী ভাটামালিকেরা তাঁদের সীমানার সামনে নদীর চরে বাঁধ দিয়ে পলি আটকে সেখান থেকে মাটি তুলে ইট তৈরি করেন। তা ছাড়া প্রতিবছর ভাটার ভাঙা ইট ফেলে চরদখল বাড়ানোর কারণে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বিঘ্নিত হচ্ছে। এ কারণে খর্ণিয়া বাজারসহ ভদ্রাদিয়া-খর্ণিয়া-শোলগাতিয়া সড়কের দেড় কিলোমিটারে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে ভাটামালিকেরা জরুরিভাবে কয়েক দফা ট্রাকে করে ভাঙা ইট এনে নদীতে ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। ৯ আগস্ট সকাল থেকে খর্ণিয়া-শোলগাতিয়া সড়কে খর্ণিয়া বাজারের কাছে আকস্মিক ভাঙন শুরু হয়। বিকেলের মধ্যে আধা কিলোমিটার রাস্তার অধিকাংশই নদীতে চলে যায়।
ভাঙনের ভয়াবহতা বিবেচনা করে পরদিন থেকে রানাই, খর্ণিয়া, আঙ্গারদোহা, সিংগা, টিপনা, শোলগাতিয়া, চহেড়া গ্রামসহ আশপাশের গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ শুরু করে। ওই সময় আওয়ামী লীগের এক মনোনয়নপ্রত্যাশী বাঁশ, ইটের বস্তাসহ বিভিন্ন সামগ্রী কিনতে তিন লক্ষাধিক টাকা খরচ করেন। ওই ঘটনার পর মেরামতকারীরা এলাকার সাংসদ নারায়ণচন্দ্র চন্দের কাছ থেকেও পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ পান। কিন্তু তাঁদের কাজের ফলে ভাঙন কিছুটা কমলেও থামেনি। ভাঙনের কারণে খর্ণিয়া-শোলগাতিয়া সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খুলনা জেলা প্রশাসক ২১ আগস্ট থেকে স্বেচ্ছাশ্রমে পশ্চিম পাড়ের চর দখলমুক্ত করা শুরু করে। কিন্তু ছয়-সাত দিন কাজ চলার পর তা থেমে যায়। সম্প্রতি ওই ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করলে খর্ণিয়া বাজারসংলগ্ন মোকছেদ মেমোরিয়াল শিশু বিদ্যালয়ের সামনের পিচের রাস্তাটি সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে যায়। এখন যেকোনো সময় রাস্তার ঢালটুকু ভাঙলে রানাইসহ সাত-আটটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। এ কারণে গ্রামের বিলও পানিতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছে।
মোকছেদ মেমোরিয়াল শিশু বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আবদুল হামিদ শেখ বলেন, যেভাবে নদী ভাঙছে, তাতে যেকোনো সময় স্কুলটি নদীতে চলে যাবে। খর্ণিয়া ইটভাটা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রানাই গ্রামের বাসিন্দা শেখ শহীদ বলেন, ‘ওইপারের ইটভাটার মালিকগে চর দখলের জন্যি আজ আমাগে এই পারে ভাঙন চলতেছে। ওই সব বাঁধ উচ্ছেদ কত্তি না পাল্লি আমাগে বাঁচার কোনো উপায় নেই।’
খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদার হোসেন বলেন, রোজার ঈদের দিন থেকে আজ দুই মাস কেটে গেলেও সরকার ভাঙন ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি। গ্রামগুলো নদীতে ভেসে গেলে সরকারকেই এর দায় নিতে হবে।
ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী বলেন, ‘এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বহুবার তাগাদা দিয়েও কোনো ফল হয়নি। তাদের কোনো উদ্যোগ না থাকায় আজ খর্ণিয়ার এ অবস্থা হয়েছে। তবে ওই ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে ইটের বস্তা ফেলার খরচ জোগাতে আমি দুই লাখ টাকার ব্যবস্থা করেছি।’
খুলনা পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘আমরা ওই বিষয়টির জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে বড় প্রকল্প দিয়ে তা অনুমোদন করানোর চেষ্টা করছি।’